প্রেমিকার জন্য বিমানবন্দরে ১০ দিন অপেক্ষা, অতঃপর হাসপাতালে
ভালোবেসে মানুষ আঘাত পেতে পারে। এরকম অহরহই ঘটে। কিন্তু প্রেমিকার জন্য অপেক্ষায় থেকে শেষমেষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঘটনা বিরল।
তেমনই ঘটনা ঘটিয়েছেন প্রেমপিয়াসী এক ডাচ নাগরিক। প্রেমিকার জন্য ১০ দিন বিমানবন্দরে অপেক্ষা করে পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
বিবিসি জানায়, অ্যালেক্সজান্ডার পিয়েটার ক্রিক নামের (৪১) ওই ব্যক্তি অনলাইনে পরিচিত প্রেমিকা ঝ্যাংয়ের (২৬) সঙ্গে দেখা করতে সম্প্রতি হল্যান্ড থেকে চীনের হুনান প্রদেশে যান।
কিন্তু বিমানবন্দরে ১০ দিন ধরে অপেক্ষার পরও প্রেমিকার দেখা পাননি। অপেক্ষার এক পর্যায়ে ওই প্রেমিক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়।
চীনের সংবাদ মাধ্যমকে ক্রিক বলেছেন, দুইমাস আগে একটি অ্যাপসের মাধ্যমে তাদের পরিচয় থেকে প্রেম হয়। এরপর প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য তিনি যান হুনান প্রদেশে।
কিন্তু প্রেমিকা তার সঙ্গে দেখা করতে আসেনি। প্রেমিকার দেখা পেতে ১০ দিন পর্যন্ত বিমানবন্দরেই থেকে যান ক্রিক। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন।
টেলিভিশনে এ খবর প্রকাশের পর প্রেমিকা ঝ্যাং টেলিভিশন চ্যানেলে যোগাযোগ করে জানান, তিনি মনে করেছিলেন যে ক্রিক তার সঙ্গে মজা করেছেন।
ঝ্যাং বলেন, আমাদের প্রেমের সম্পর্ক আগাচ্ছিল। কিন্তু হঠাৎই ক্রিককে আমার প্রতি শীতল মনোভাবের মনে হয়েছে। একদিন সে আমাকে বিমানের টিকিটের ছবি পাঠায়। আমি মনে করেছিলাম সে হয়ত আমার সঙ্গে মজা করছে। পরে সে আমার সঙ্গে যোগাযোগ করেনি।
ঝ্যাং আরও জানান, ক্রিক বিমাবন্দরে থাকার সময়টিতে তিনি প্লাস্টিক সার্জারির জন্য অন্য প্রদেশে ছিলেন এবং তার মোবাইল বন্ধ ছিল।
ঝ্যাং এখনও সম্পর্কটি এগিয়ে নিতে ইচ্ছুক এবং সুস্থ হলে তিনি ক্রিকের সঙ্গে দেখা করবেন বলেও জানান।
ঘটনাটি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া জাগিয়েছে। অনেকেই ক্রিকের পাগলামির সমালোচনা করেছেন। তাকে বোকা মানুষ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ তার প্রতি সহানুভূতিও দেখিয়েছেন।
