সিরিয়ার শহরে ক্লোরিন গ্যাস হামলা
সিরিয়ার উত্তরাঞ্চলে একটি শহরে হেলিকপ্টার থেকে ক্লোরিন গ্যাসের ব্যারেল ছোড়া হয়েছে বলে জানিয়েছেন ওই এলাকার এক চিকিৎসক এবং উদ্ধারকর্মীরা।
বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরটিতে নিয়োজত উদ্ধারকর্মীরা মঙ্গলবার জানান, রাশিয়ার সামরিক হেলিকপ্টারটি যেখানে ভূপাতিত হয়েছিল ঠিক তার কাছের শহরেই কয়েকঘণ্টা পর এ বিষাক্ত গ্যাস নিক্ষিপ্ত হয়েছে।
সিরিয়ার নাগরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বলেছেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের সারাকেব শহরে এ হামলায় ৩৩ জন গ্যাস আক্রান্ত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
ইউটিউবে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজনের শ্বাসকষ্ট হচ্ছে এবং তাদেরকে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে।
গ্যাস কে বা কারা ছুড়েছে তা স্পষ্ট জানা যায়নি। সিরিয়ায় লড়াইয়ে লিপ্ত দুপক্ষের বিরুদ্ধেই রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ আছে। তবে দুপক্ষই অভিযোগ অস্বীকার করে আসছে।
সোমবার সারাকেব শহরের কাছেই রাশিয়ার সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে বিদ্রোহীরা।
শহরটিতে কর্মরত আব্দুল আজিজ বারি বিবিসি’ কে জানান, সোমবার দিনষেশেই সেখানে ক্লোরিন গ্যাসের ব্যারেল ছোড়া হয়। গ্যাসটি যে ক্লোরিন তা অতীত অভিজ্ঞতা থেকে এবং লক্ষণ দেখেই আঁচ করা গেছে বলেও জানান তিনি।
তবে স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীদের সংগঠন গ্যাসটি ক্লোরিন বলে ধারণা করলেও তা নিশ্চিত করে জানাতে পারেনি।
ক্লোরিন শিল্পক্ষেত্রের সাধারণ রাসায়নিক। তবে রাসায়নিক অস্ত্র সনদ অনুযায়ী, অস্ত্র হিসাবে এ গ্যাস ব্যবহার করা নিষিদ্ধ। এ গ্যাসে আক্রান্তদের চোখে ব্যথা, চামড়ায় চুলকানি, শ্বাসকষ্ট এবং মুখ দিয়ে রক্তফেনা উঠতে পারে।
২০১৩ সালে সারাকেব শহরে সরকারি হেলিকপ্টার থেকে অধিবাসীদের রাসায়নিক অস্ত্র হামলার শিকার হওয়ার জোরালো প্রমাণ পাওয়া গেলেও সিরিয়া কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।
