এরদোয়ানকে অবরুদ্ধ করার চেষ্টাকারী ১১কমান্ডো আটক
তুরস্কে ব্যর্থ সেনাঅভ্যূত্থান প্রচেষ্টার সময় প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানকে অবরুদ্ধ করার চেষ্টায় জড়িত সেনাদলটির পলাতক ১১ কমান্ডোকে আটক করা হয়েছে।
সোমবার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, তুরস্কের বিশেষ বাহিনী তাদেরকে আটক করেছে।
এরদোয়ানকে অবরুদ্ধ করতে যাওয়া সেনাদলটিতে মোট ৩৭ জন সেনা ছিল বলে জানিয়েছে আনালদু। তাদের মধ্যে ২৫ জনকে আগেই আটক করা হয়।
১৫ জুলাই রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ সরকার উৎখাতের ব্যর্থ প্রচেষ্টা করে।
ওই সময় দক্ষিণপশ্চিমের শহর মারমারিসে অবকাশ যাপন করছিলেন এরদোয়ান। রাতে সেনাদের একটি দল প্রেসিডেন্ট যে হোটেলে অবস্থান করছিলেন সেখানে হামলা চালায়।
যদিও গোপন সংবাদের ভিত্তিতে বিপদ আঁচ করতে পেরে সেনাদলটি পৌঁছানোর আগ মুহূর্তে হোটেল থেকে পালিয়ে যেতে সক্ষম হন এরদোয়ান।
আনাদলুর খবরে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মুগলা প্রদেশের উলা জেলা থেকে পলাতক ১১ সেনা সদস্যকে আটক করা হয়। বিশেষ বাহিনীর ওই অভিযানে হেলিকপ্টার ও ড্রোন (চালকবিহীন বিমান) ব্যবহার করা হয়েছে।
অভিযানে উভয় পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ হয়। যদিও সংঘর্ষে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
ব্যর্থ অভ্যূত্থান প্রচেষ্টার পরপরই সেনাবাহিনীসহ সরকারের সব স্তরে ব্যাপক রদবদল করা হয়েছে।
এ পর্যন্ত ৬০ হাজার জন আটক, বরখাস্ত বা চাকুরিচ্যুত হয়েছে। এদের মধ্যে সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিচারকসহ শিক্ষকরাও রয়েছেন।
এর মধ্যে রোববার গেজেট আকারে তুরস্কের সুপ্রিম মিলিটারি কাউন্সিলে পরিবর্তন ও ১,৩৪৯ জন সেনা সদস্যকে বরখাস্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।
গেজেটে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রবাসী তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগসাজসের সন্দেহে উচ্চ পদস্থ কয়েকজন সামরিক কর্মকর্তাসহ ওই সেনা সদস্যদের বরখাস্ত করা হয়েছে।
এরদোয়ানের অভিযোগ, গুলেন তাকে উৎখাতের ষড়যন্ত্র করছেন। যদিও গুলেন এ অভিযোগ অস্বীকার করেছেন এবং ব্যর্থ অভ্যূত্থান প্রচেষ্টার নিন্দা করেছেন।
