ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের নিহত মুসলিম সেনার মায়ের পাল্টা আঘাত
স্বামী বক্তব্য দেওয়ার সময় পাশে চুপ করে দাঁড়িয়ে থাকা নিয়ে প্রশ্ন তোলা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জবাব দিয়েছেন গাজালা খান।
২০০৪ সালে ইরাকে এক গাড়িবোমা হামলায় নিহত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্যাপ্টেন হুমায়ুন খানের মা গাজালা। তার স্বামী হুমায়ুনের বাবা খিজির খান বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে দেওয়া এক আবেগী ভাষণে ট্রাম্পের তীব্র সমালোচনা করেছিলেন। এ সময় স্ত্রী গাজালা তার পাশে চুপ করে দাঁড়িয়েছিলেন।
বিবিসি জানিয়েছে, পরে খিজিরের ভাষণের প্রতিক্রিয়ায় এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আপনি তার স্ত্রীকে দেখে থাকলে দেখেছেন, তিনি সেখানে দাঁড়িয়েছিলেন।
“তার কিছু বলার ছিল না, সম্ভবত তাকে কিছু বলার অনুমতি দেওয়া হয়নি।”
ডেমোক্র্যাট ও রিপাবলিকান, উভয় শিবির থেকে ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করা হয়। অপরদিকে ওয়াশিংটন পোস্টে প্রকাশ করা এক নিবন্ধে ট্রাম্পের কথার জবাব দেন গাজালা।
তিনি জানান, তার স্বামী তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কিছু বলতে চান কীনা, কিন্তু ছেলে হারানোর সেই শোক ফিরে আসায় তিনি কিছু বলেননি।
“কারণ একটা কিছু না বললেও, পুরো বিশ্ব, পুরো আমেরিকা, আমার ব্যথা অনুভব করেছে। আমি গোল্ড স্টার পাওয়া মা। যে আমাকে দেখেছে সেই তার হৃদয়ে আমাকে অনুভব করেছে।
“ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন কেন ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে আমি কথা বলিনি, তিনি আমার কথা শুনতে চান। ডোনাল্ড ট্রাম্পের প্রতি এই আমার জবাব।”
“ট্রাম্প বলেছেন, আমার বলার কিছু ছিল না। আমার বলার আছে। আমি ছেলে হুমায়ুন খান, সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ১২ বছর আগে ইরাকে মারা যায়। দুই বছর বয়সে সে এখানে আসে, সে আমেরিকাকে ভালবাসত।
“যখন হুমায়ুনকে ইরাকে পাঠানো হয়, আমি ও আমার স্বামী তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতাম। পাকিস্তানে হাইস্কুলে পড়ার সময় ১৯৬৫ সালে আমিও যুদ্ধ দেখেছি। তাই আমি খুব ভয়ে থাকতাম। আমি আপনার প্রাণ উৎসর্গ করতে পারেন, কিন্তু আপনার সন্তান এটি করলে আপনি গ্রহণ করতে পারবেন না।
“আমার আরও দুই ছেলে থাকলেও হুমায়ুনকে হারানোর বেদনা আমি সবসময় অনুভব করি। ১২ বছর হয়ে গেছে, কিন্তু আপনারা জানেন, হৃদয়ের ব্যথা জীবনেও সারবে না। এই বিষয়ে কথা বলা আমার জন্য সবসময়ই কঠিন। প্রতিদিন আমি যখন প্রার্থনা করি, আমি তার জন্য প্রার্থনা করি ও কাঁদি। তার অভাবে যে জায়গা শূন্য হয়েছে তা সবসময় শূন্যই থাকবে।
“যে ঘরে হুমায়ুনের ছবি রাখা আছে আমি সে ঘরে যেয়ে হাঁটতে পারি না, এত বছরের পারিনি। সম্মেলনের মঞ্চে, পেছনে আমার ছেলের বিশাল ছবির সামনে দিয়ে হেঁটে আসার সময়, আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। কোন মা পারবে?
“ডোনাল্ড ট্রাম্পেরও সন্তান আছে, যাদের তিনি ভালবাসেন। কেন আমি কথা কথা বলিনি তা নিয়ে তার আশ্চর্য হওয়ার সত্যি কিছু কী আছে?
“আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে, খোদার চোখে সব মানুষই সমান। স্বামী ও স্ত্রী দুজন দুজনের অংশ। দুজনের দুজনকে ভালবাসা ও শ্রদ্ধা করা উচিত এবং পরিবারের যত্ন নেওয়া উচিত।
“যখন ট্রাম্প ইসলাম সম্পর্কে কথা বলেন, তিনি অজ্ঞতার পরিচয় দেন। তিনি যদি সত্যিকার ইসলাম ও কোরান পড়েন, সন্ত্রাসীদের কাছ থেকে পাওয়া তার সব ধারণা বদলে যাবে, কারণ সন্ত্রাসবাদ আলাদ একটা ধর্ম।
“ট্রাম্প দাবি করেছেন তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু তিনি জানেন না ত্যাগ শব্দের মানে কী।”
