২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বরখাস্ত আরও প্রায় ১৪শ’ সামরিক কর্মকর্তা

ব্যর্থ অভ্যূত্থান প্রচেষ্টার জেরে তুরস্কের সশস্ত্র বাহিনীর আরও প্রায় ১,৪০০ কর্মকর্তা বরখাস্ত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Jul 2016, 09:08 PM

Updated : 12 Apr 2022, 02:33 AM

যুক্তরাষ্ট্র বসবাসরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে তাদেরকে বরখাস্ত করা হয় বলে রোববার জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান সশস্ত্র বাহিনীতে আমূল পরিবর্তন আনার ঘোষণা দেওয়ার কয়েকঘন্টা পরই এত বিপুল সংখ্যক কর্মকর্তা বরখাস্ত হল।

রোববার গেজেট আকারে সুপ্রিম মিলিটারি কাউন্সিলে পরিবর্তন ও সেনা সদস্যদের বরখাস্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই গেজেট অনুযায়ী, গুলেনের সঙ্গে যোগসাজসের সন্দেহে উচ্চ পদস্থ কয়েকজন সামরিক কর্মকর্তাসহ ১,৩৪৯ জন সেনা সদস্য বরখাস্ত  হলেন।

এর আগে তুরস্ক  শতাধিক জেনারেল ও অ্যাডমিরালসহ ১,৭০০’র বেশি সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছিল।

তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থান প্রচেষ্টার জন্য গুলেনকেই দায়ী করে আসছে আঙ্কারা।

গুলেনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তুরস্কে এ পর্যন্ত ৬০ হাজার জন আটক, বরখাস্ত বা চাকুরিচ্যুত  হয়েছে। এদের মধ্যে সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিচারকসহ শিক্ষকরাও রয়েছেন।

গত শনিবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান  মিলিটারি একাডেমিগুলো বন্ধ করে দেওয়া এবং সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন।

আগের সুপ্রিম মিলিটারি কাউন্সিলে শুধু প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সরকারের প্রতিনিধিত্ব করতেন। এখন তাদের সঙ্গে উপ প্রধানমন্ত্রী, বিচারমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলে সরকারের প্রতিনিধিত্ব করবেন।

কাউন্সিল থেকে বেশ কয়েকজন সেনা কমান্ডারকে বাদ দেওয়া হবে। যাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সশস্ত্র বাহিনীর প্রধান, এজিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান ও ফৌজি-পুলিশ বাহিনীর প্রধানও রয়েছেন।

এরদোয়ানের অভিযোগ, গুলেন তাকে উৎখাতের ষড়যন্ত্র করছেন। যদিও গুলেন এ অভিযোগ অস্বীকার করেছেন এবং ব্যর্থ অভ্যূত্থান প্রচেষ্টার নিন্দা করেছেন।

গত ১৫ জুলাই রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ সরকারের বিরুদ্ধে অভ্যূত্থানের চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ানের আহ্বানে সরকার সমর্থকরা রাস্তায় নেমে ওই অভ্যূত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

ওই ঘটনায় ২৩৭ জন নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়।