টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নারী নিহত, আহত ৪
যুক্তরাষ্ট্রে টেক্সাসে বন্দুকধারীর গুলিতে এক নারী নিহত এবং আরও চারজন আহত হয়েছে।
শনিবার মধ্যরাতে টেক্সাসের রাজধানী অস্টিনে এ ঘটনা ঘটে। লোকজন নাইট ক্লাব থেকে বের হওয়ার সময় হামলার শিকার হয়।
রোববার ভোরে অস্টিন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলির খবর জানায়।
পুলিশের পক্ষ থেকে টুইটারে বলা হয়, “নগরীর কেন্দ্রস্থলে একই এলাকায় পৃথক গুলির ঘটনা ঘটেছে। বর্তমানে দুই জায়গার নিয়ন্ত্রণই নিয়েছে পুলিশ।”
টুইটারে অস্টিন-ট্রাভিস কাউন্টি এমার্জেন্সি মেডিকেল সার্ভিস এজেন্সির পক্ষ থেকে বলা হয়, “গুলিতে একজন নারী নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ দুই নারী ও একজন পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
“চতুর্থ আরেক ব্যক্তিও আঘাত পেয়েছিল। কিন্তু তিনি চিকিৎসা না নিয়েই ফিরে গেছেন।”
গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র জুড়ে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
১২ জুন এক বন্দুকধারী ফ্লোরিডার অরল্যান্ডোতে একটি নাইটক্লাবে গুলি করে ৪৯ জনকে হত্যা করে।
এছাড়া ৭ জুলাই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক এক সদস্য গুলি করে পাঁচ পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।
২৮ জুলাই সান ডিয়াগোতে সড়কে গুলি করে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং অন্যজনকে গুরুতর আহত করা হয়।
সর্বশেষ শুক্রবার রাতে ওয়াশিংটনের সিয়াটলে একটি বাড়িতে পার্টি চলাকালে গোলাগুলিতে তিনজন নিহত হয়।
