সোমালিয়া সিআইডি সদরদপ্তরে আল শাবাবের হামলায় নিহত ৭
সোমালিয়ার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদরদপ্তরে আল শাবাবের হামলায় দুই হামলাকারী ও চার বেসামরিকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।
রোববার রাজধানী মোগাদিশুর ওই দপ্তরটির সামনে দুটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
আলি মোহাম্মদ নামের ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “সাতজন নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত করছি, নিহতদের মধ্যে বেসামরিক ও দুই জঙ্গি রয়েছেন।”
তিনি জানান, সিআইডি ভবনে হামলা চলাকালে দুই বন্দুকধারীকে হত্যা করেছে পুলিশ।
এর আগে আল শাবাবের সামরিক অভিযান বিষয়ক মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব রয়টার্সের কাছে হামলার দায় স্বীকার করেন।
তিনি বলেন, “এক যোদ্ধা সিআইডির ভিতরে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়েছে, এরপর অন্যান্য সশস্ত্র যোদ্ধারা ভিতরে ঢুকে হামলা চালিয়েছে। আমরা এখন সিআইডি ভবনের ভিতরে লড়াই করছি।”
মাত্র চারদিন আগে মোগাদিশু বিমানবন্দরের একটি প্রবেশ পথের কাছে আল শাবাবের অপর দুটি গাড়িবোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হন।
সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে লড়াইরত বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী আল শাবাব প্রায়ই রাজধানী মোগাদিশুতে প্রাণঘাতী হামলা চালায়।
