২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে ১৮ মার্কিন সামরিক ঘাঁটি

জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং এর প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও পারস্য উপকূলে অবস্থিত সামরিক ঘাঁটিগুলো ঝুঁকির মুখে রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 09:04 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

বুধবার প্রকাশিত ‘ইউনিয়ন অব কনসার্ন্ড সাইনটিস্টস’- এর বিশ্লেষণমূলক প্রতিবেদনে এ আশঙ্কার কথা প্রকাশ করা হয়।

‘ইউএস মিলিটারি অন দ্য ফ্রন্ট লাইন অব রাইজিং সি’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, এ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুতগতিতে বাড়বে। যার অর্থ, কিছু সামরিক স্থাপনার জন্য জোয়ারের পানি দৈনন্দিন দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এবং সামরিক প্রশিক্ষণের জন্য নতুন জমি প্রয়োজন হবে।

২০৫০ সাল নাগাদ সমুদ্র উপকূলবর্তী সামরিক ঘাঁটিগুলোতে বর্তমানের তুলনায় বন্যা হওয়ার আশঙ্কা দশগুণ বেড়ে যাবে এবং সেগুলোর অন্তত অর্ধেকে দৈনিক জোয়ারের পানি ঢুকবে।

প্রতিবেদনে অন্তত ১৮টি সামরিক ঘাঁটি ঝুঁকির মুখে আছে বলে জানানো হয়েছে।

এ শতাব্দীতে সেগুলোর মধ্যে ‘কি ওয়েস্ট নেভাল এয়ার স্টেশন’ ও সাউথ ক্যারলাইনার ‘মেরিন কোর রিক্রুট ডিপো’সহ অন্তত চারটি সামরিক ঘাঁটির ৭৫ থেকে ৯৫ শতাংশ মাটি সমুদ্রের পানিতে তলিয়ে যাবে।

প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন এরই মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি জনিত ঝুঁকির বিষয়টি বুঝতে পেরেছে।

ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতির জন্য আরও গবেষণা ও নজরদারি প্রয়োজন বলে তারা মনে করছে।

যদিও গত মাসে যুক্তরাষ্ট্রর হাউজ অ্যাপ্রোপ্রিয়েশন্স কমিটি পেন্টাগনের জলবায়ু অভিযোজন কৌশলের জন্য বরাদ্দ তহবিল বন্ধ করে দেওয়ার বিষয়ে একটি বিল পাস করেছে।