২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে ফর্মুলা ওয়ান গ্রুপের প্রধানের শাশুড়ি অপহৃত

ব্রাজিলের সাও পাওলো থেকে ফর্মুলা ওয়ান গ্রুপের প্রধান নির্বাহী ব্রিটিশ ব্যবসায়ী বের্নি একলেস্টোনের শাশুড়িকে অপহরণ করেছে অপরাধীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Jul 2016, 02:30 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

শুক্রবার রাতে তাকে অপহরণ করে ৩ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার মুক্তিপণ চাওয়া হয়েছে বলে ব্রাজিলের শীর্ষ সংবাদ সাময়িকীগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।

অপহৃত অ্যাপারেসিদা শ্চুঙ্ক একলেস্টোনের স্ত্রী ফ্যাবিয়ানা ফ্লোসির মা।

ব্রাজিলের ভেজা ও অন্যান্য সংবাদ সংস্থার প্রতিবেদনগুলোতে আর বিস্তারিত কিছু জানানো হয়নি এবং প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত করতে দেশটির পুলিশের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফোর্বস সাময়িকীর হিসাবানুযায়ী একলেস্টোন ও তার পরিবার তিন দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদের মালিক। তিনি খেলাধুলার জগতে প্রভাবশালী মানুষ।

ব্রাজিলের গ্রান্ড প্রিক্সে পরিচয় হওয়ার পর ২০১২ সালে ফ্লোসিকে বিয়ে করেন তিনি। 

বর্তমানে ৮৫ বছর বয়সী একলেস্টোন ওই সময় ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে স্ত্রী ক্রোয়েশীয় মডেল স্লাভিকা রাডিককে তালাক দেন। এরপর তরুণী ফ্লোসিকে বিয়ে করেন তিনি। এই দম্পতি এখন ইংল্যান্ডে বসবাস করেন।   

এক দশক আগে ব্রাজিলে অপহরণ একটি সাধারণ ঘটনা ছিল। প্রতিদিনই কয়েকজন মানুষ অপহৃত হত। এদের কাউকে কাউকে মাত্র কয়েকশত ডলারের জন্য অপহরণ করা হতো।

এরপর পুলিশ বাহিনীতে অপহরণ-বিরোধী বিভাগ গড়ে তুলে অপহরণের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। এতে এ ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ইদানিং এ ধরনের অপরাধ প্রায় বিরল হয়ে গেছে।