২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে হামলার পরিকল্পনাকারী সন্দেহে গ্রেপ্তার ১০

অলিম্পিক গেমস শুরুর মাত্র দুই সপ্তা আগে সন্ত্রাসী হামলার প্রস্তুতি নেওয়ার অভিযোগে একটি গোষ্ঠীর সন্দেহভাজন ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ব্রাজিলের পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 03:34 PM

Updated : 12 Apr 2022, 02:30 AM

কর্তৃপক্ষের বরাতে বিবিসি বলছে, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনেরা তথা-কথিত ইসলামিক স্টেটের (আইএস) সদস্য নয়। কিন্তু এরা আইএসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল।

দেশটির বিচারমন্ত্রী আলেকজান্ডার মোরায়েস বলেন, গোষ্ঠীটি হামলার পরিকল্পনা করছিল। কিন্তু পুলিশ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করায় তারা সফল হয়নি।

মোরায়েস গোষ্ঠীটিকে ‘সম্পূর্ণ অপেশাদার’ এবং হামলা চালানোর জন্য ‘দুর্বল প্রস্তুতি’ নিয়েছিল বলে বর্ণনা করেছেন।

তিনি আরো বলেন, গ্রেপ্তার হওয়া সবাই ব্রাজিলিয়ান এবং আরো দুই সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে।

পৃথক ১০ রাজ্য থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। নিজেদের মধ্যে তারা হোয়াটসঅ্যাপ মেসেজিং সার্ভিসের মাধ্যমে যোগাযোগ করতেন।

গোষ্ঠীটির সদস্যরা প্রতিবেশি দেশ প্যারাগুয়ের একজন অস্ত্র সরবরাহকারীর সঙ্গে একে ৪৭ রাইফেল কেনার জন্য যোগাযোগ করেছিলেন। কিন্তু এ ধরনের রাইফেল কেনা হয়েছে বলে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

সার্বিক দিক বিবেচনা করে ব্রাজিলের মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হয়েছে।

রিও দে জেনেইরোতে ৮০ হাজার পুলিশ ও সেনা টহল দিচ্ছেন। আগামী ২১ অগাস্ট অলিম্পিক গেমস শেষ হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অলিম্পিককে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অতিরিক্ত ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয়েছে।