২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটো দেশগুলোকে সুরক্ষা না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে নেটো সদস্য দেশগুলোকে সুরক্ষার নিশ্চয়তা আর নাও দিতে পারেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 10:55 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

‘নিউ ইয়র্ক টাইমস’ এ এক বক্তব্যে রিপাবলকান প্রার্থী ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কেবল তখনই নেটো মিত্রদেশগুলোকে সাহায্য করতে এগিয়ে যাবে যদি তারা যুক্তরাষ্ট্রের প্রতি তাদের “দায়-দায়িত্ব পূরণ করে।”

নেটো জোটের সদস্যদেশগুলো একটি চুক্তি সই করেছে। যাতে বলা হয়েছে, জোটের কোনও দেশ আক্রান্ত হলে তারা সাহায্য করতে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার রিপাবলিকান কনভেনশনে বক্তব্য দেওয়ার আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের খরচ এবং বিদেশে দেশটির সংশ্লিষ্টতা কমানোর দিকে লক্ষ্য রেখে বৈদেশিক নীতি পরিকল্পনার এ রূপরেখা দেন।

নেটো দেশগুলোকে সুরক্ষার নিশ্চয়তা না দেওয়ার ট্রাম্পের বক্তব্য জোটটির মূলমন্ত্রে একটি বড় আঘাত। এই মূলমন্ত্র হচ্ছে, জোটের এক দেশ আক্রান্ত হলে সেটি সবার ওপরই আক্রমণ বলে গণ্য হবে।

নেটোর প্রতিষ্ঠাকালীন চুক্তির ৫ অনুচ্ছেদের আওতায় জোটের এক সদস্যদেশ আক্রান্ত হলে অন্য সব সদস্যই সাহায্যে এগিয়ে যেতে বাধ্য।

যুক্তরাষ্ট্র বহুদিন থেকেই ইউরোপীয় মিত্র দেশগুলোকে প্রতিরক্ষায় বেশি ব্যয় করার জন্য চাপ দিয়ে আসছে। এতে ধীরে হলেও কাজ হতে শুরু করেছে।

কিন্তু যুক্তরাষ্ট্র তার দায়িত্ব থেকে সরে যাবে এমন কথা কেউ কখনও বলেনি।

রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার এ সময়ে যুক্তরাষ্ট্র নির্ভরযোগ্য মিত্রদেশ নাও থাকতে পারে এমন আভাস নেটোর ইউরোপীয় সদস্যদেশগুলোর জন্য একটি দুঃস্বপ্ন।