রিপাবলিকান কনভেনশনে প্রত্যাখ্যাত হলেন ক্রুজ
যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের প্রথম দিনে ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার ফার্স্ট লেডি মিশেল ওবামার ভাষণ চুরির অভিযোগের মুখে পড়ার পর এবার প্রত্যাখ্যাত হয়েছেন টেড ক্রুজ।
টেক্সাসের সিনেটর টেড ক্রুজ মূল মঞ্চ থেকে দেওয়া ভাষণে ট্রাম্পকে অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়ে দর্শকশ্রোতাদের রোষের মুখে পড়েন।
প্রাইমারির প্রতিযোগিতাগুলোতে ক্রুজই ছিলেন ট্রাম্পের ঘোর বিরোধী প্রার্থী।
বৃহস্পতিবার রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের বক্তব্যে টেড ক্রুজ অত্যন্ত জোরালভাবে ট্রাম্পকে অনুমোদন না দেওয়ার পক্ষ সমর্থন করেন। তিনি বলেন, তার পরিবারকে আক্রমণ করে কথা বলে এমন কোনও রাজনীতিবিদকে তিনি অনুমোদন দিতে চান না।
সকালের একটি বৈঠকে ক্রুজ বলেন, যে আমার স্ত্রী এবং বাবাকে আক্রমণ করে কথা বলে তাকে সমর্থন দেওয়ার অভ্যাস আমার নাই।
এর আগে বাছাইপর্বের নির্বাচনে ট্রাম্প ও ক্রুজ একে অন্যের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। সে সময়ই ট্রাম্প ক্রুজকে ‘মিথ্যুক’ আখ্যা দিয়ে তার স্ত্রী ও বাবাকে নিয়ে কটাক্ষ করেছিলেন।
অপমানিত ক্রুজ ভোটে পরাজিত হলেও ডেলিগেটদের পক্ষে টেনে ট্রাম্পের মনোনয়ন ঠেকাতে চেয়েছিলেন।
রিপাবলিকান কনভেনশনে ক্রুজ ভাষণের শুরুতে ট্রাম্পকে অভিনন্দন জানালেও তিনি তাকে অনুমোদন করবেন না সে কথা স্পষ্ট করেন। আর এরপরই উপস্থিত দর্শকশ্রেতা ছি ছি করে ওঠে। ট্রাম্পের পক্ষে আওয়াজ তোলে ক্ষুব্ধ দর্শকশ্রোতারা।
এ সময় পরিস্থিতি শান্ত করতে ভাইস-প্রেসিডেন্ট পদের জন্য ভাষণ দিতে মঞ্চে উঠে আসেন ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্স। একজন ব্যবসায়ী হিসাবে ট্রাম্পের প্রশংসা করেন তিনি।
