২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতির মামলায় চাপের মুখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল (ওয়ানএমডিবি) জালিয়াতির মামলায় জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 08:11 PM

Updated : 25 Jul 2022, 09:28 PM

মালয়েশিয়ার অর্থনীতির উন্নয়নের জন্য ২০০৯ সালে এ তহবিল গঠন করা হয়।

কিন্তু যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ জানান, তথ্য-প্রমাণে দেখা গেছে এ তহবিলে মালয়েশিয়রা ব্যাপকভাবে প্রতারিত হয়েছে।

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তহবিল সংশ্লিষ্ট ১শ’ কোটি ডলারের বেশি সম্পদ জব্দ করার পদক্ষেপ নিয়েছে।

বুধবার ফেডারেল কোর্টে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দায়ের করা মামলার কাগজপত্রে নাজিবের নাম উল্লেখ না করে ‘মালয়েশিয়া অফিসিয়াল ওয়ান’ বলা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ মালয়েশিয়ায় তদন্ত হওয়া অভিযোগুলোর সঙ্গে মিল আছে।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ‘মালয়েশিয়া অফিসিয়াল ওয়ান’ বলতে নাজিবকেই বোঝানো হয়েছে বলে জানিয়েছেন। মামলায় অভিযোগ রয়েছে যে, ওয়ানএমবিডি থেকে তার একাউন্টে লাখ লাখ ডলারের তহবিল অবৈধভাবে এসেছে।

এ তহবিলের পরিমাণ তিনশ কোটি ডলারেরও বেশি। যুক্তরাষ্ট্র এর মধ্যে মাত্র ১শ’ বিলিয়ন ডলার জব্দ করার চেষ্টা নিয়েছে।

নাজিব রাজাক বরাবরই ভুল কিছু করার কথা অস্বীকার করে আসছেন। এ বছরের শুরুর দিকে মালয়েশিয়ার এটর্নি জেনারেল তাকে অপরাধ থেকে আনুষ্ঠানিক পরিত্রাণ দেন। এর আগে অর্থ জালিয়াতির মামলায় বারবার প্রধানমন্ত্রীর সমালোচনা করে বরখাস্ত হয়েছিলেন আগের এটর্নি জেনারেল।

বর্তমান এটর্নি জেনারেল মোহাম্মদ আপন্দি বৃহস্পতিবার বলেছেন, ওয়ানএমবিডি থেকে তহবিল নয়ছয়ের কোনও প্রমাণ নেই।

তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখন অভিযোগের ব্যাপারে মুখ খোলা এবং পদত্যাগের জন্য চাপের মুখে আছেন।