অভ্যুত্থান চলাকালে ‘ভাগ্যক্রমে’ রক্ষা পেয়েছেন এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানকে উৎখাতের জন্য সামরিক অভ্যুত্থানের উদ্যোগ যখন উত্তুঙ্গ পর্যায়ে, ঠিক সেই সময় বিদ্রোহীদের এফ-১৬ জঙ্গিবিমানের আওতায় পড়েছিল এরদোয়ানকে বহনকারী বিমান।
শুক্রবার রাতে অভ্যুত্থান প্রচেষ্টার খবর পেয়ে উপকূলীয় অবকাশ কেন্দ্র মারমারিস থেকে বিমানে তড়িঘড়ি ইস্তাম্বুলে ফিরছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান।
ঠিক সেই সময় বিদ্রোহীদের দুটি এফ-১৬ জঙ্গিবিমানের পাইলটরা এরদোয়ানের বিমানটিকে দেখতে পায়। কিন্তু তারপরও কোনো সমস্যা ছাড়াই ইস্তাম্বুলে ফিরে এরদোয়ান অভ্যুত্থান ব্যর্থ করে দিতে সক্ষম হন।
এরদোয়ান যখন ফিরছিলেন, তখন বিদ্রোহী সেনারা বসফরাস প্রণালীর সেতুগুলো বন্ধ করে দিচ্ছে, ইস্তাম্বুলের প্রধান বিমানবন্দরের দখল নিতে চেষ্টা করছে এবং রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবনে ট্যাঙ্ক পাঠিয়েছে।
ঘটনার সাক্ষী এক সাবেক তুর্কি সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “ইস্তাম্বুলের পথে আকাশে থাকার সময় অন্ততপক্ষে দুটি এফ-১৬ জঙ্গিবিমান এরদোয়ানের বিমানকে বাধা দেয়। তারা তাদের রেডারে প্রেসিডেন্টকে বহনকারী বিমান ও সেগুলোকে পাহারা দেওয়া দুটি এফ-১৬ এর দিকে নজর রাখছিল।”
“কেন তারা গুলি করেনি তা এক রহস্য,” বলেন তিনি।
এরদোয়ানকে উৎখাতের প্রচেষ্টা সফল হলে তুরস্কজুড়ে বিশৃঙ্খলা দেখা দেওয়ার সম্ভাবনা ছিল। এতে তথাকথিত ‘আরব বসন্তের’ পর আরেকবার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের ঘটনা ঘটত মধ্যপ্রাচ্যে। যে আরব বসন্ত তুরস্কের দক্ষিণের প্রতিবেশী সিরিয়াকে এক ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিয়েছে।
মারমারিস থেকে ফেরার সময় এরদোয়েনের বিজনেস জেটটিকে বিদ্রোহীদের দুটি এফ-১৬ বিমান বাধা দিয়েছিল, রয়টার্সকে এ বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে তারপরও এরদোয়ান নিরাপদে ইস্তাম্বুলে ফিরতে সক্ষম হন।
তুরস্কের অপর এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাও ‘আকাশে থাকার সময় প্রেসিডেন্টের জেট সমস্যায় পড়েছিল’ বলে জানিয়েছেন, তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
এরদোয়ান জানিয়েছেন, তদন্তে বের হয়ে এসেছে অভ্যুত্থানের পরিকল্পনাকারীরা মারমারিসে তার ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল, যে জায়গায় তিনি ছিলেন তা ছাড়ার পরপরই সেখানে বোমাবর্ষণ করা হয়েছে।
“কয়েক মিনিটের জন্য তিনি রক্ষা পান,” বলেন ওই দ্বিতীয় কর্মকর্তা।
সিএনএন তুর্ক জানিয়েছে, এরদোয়ান মারমারিস ছাড়ার পরপরই প্রায় ২৫ জন সেনা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে মারমারিসের ওই হোটেলে নামে, তারা প্রেসিডেন্টকে জিম্মি করতেই এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
ইস্তাম্বুলে থাকা তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছিল, তবে তিনি অল্পের জন্য বেঁচে যান, জানান ওই কর্মকর্তা। তবে এবারও বিস্তারিত কিছু জানাননি তিনি।
ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটে দেখা যায়, তুর্কি সরকারের মালিকানাধীন একটি বিজনেস জেট, গাল্ফস্ট্রিম ফোর বিমান শুক্রবার ২২৪০ জিএমটিতে দালামান বিমানবন্দর থেকে উড়াল দেয়। দালামান বিমানবন্দর মারমারিস থেকে গাড়িতে সোয়া ঘণ্টার পথ দূরত্বে অবস্থিত।
পরে বিমানটি ইস্তাম্বুলের দক্ষিণের আকাশে চক্কর দিয়েছে ওয়েবসাইট থেকে এমন ধারণা পাওয়া গেছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকের ভাষ্যমতে, ঠিক ওই সময় বিমানবন্দরে গুলির ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল। আরো পরে বিজনেস জেটটি ইস্তাম্বুলের ওই বিমানবন্দরে অবতরণ করে।
