২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এরদোয়ানই অভ্যুত্থানের পেছনে, অভিযোগ গুলেনের

তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থান দেশটির প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের সাজানো নাটক বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Jul 2016, 01:15 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

যুক্তরাষ্ট্র থেকে দেশে প্রত্যাবর্তনের কোনো আদেশ জারি করা হলে তা পালন করবেন বলে রোববার জানিয়েছেন গুলেন।

গেল শুক্রবার রাতে তুর্কি সামরিক বাহিনীর একটি অংশ অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট এরদোয়ানকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা করে। কিন্তু সামরিক বাহিনীর সব অংশ সমভাবে সাড়া না দেওয়ায় এবং এরদোয়ানের তড়িৎ পাল্টা পদক্ষেপে বিদ্রোহীদের প্রচেষ্টা ব্যর্থ হয়।

এই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য প্রেসিডেন্ট এরদোয়ান তার এক সময়ের মিত্র কিন্তু হালে শত্রুতে পরিণত হওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী গুলেন ও তার নেতৃত্বাধীন হিজমেত আন্দোলনকে দায়ি করেন। ব্যর্থ অভ্যুত্থানের দায়ে গুলেনের বিচারের জন্য তাকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

অভ্যুত্থানের সঙ্গে গুলেনের জড়িত থাকার প্রমাণ দাখিল করতে পারলে গুলেনকে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সেইলবার্গের বাড়িতে এক সংবাদ সম্মেলনে গুলেন বলেন, “সত্যিকার অর্থে প্রত্যাবর্তনের অনুরোধ নিয়ে আমি উদ্বিগ্ন নই।”  

সেনা অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করার পর এ ঘটনায় জড়িতদের নিঃশেষ করে দিতে ব্যাপক দমনাভিযান শুরু করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

দেশজুড়ে এ পর্যন্ত প্রায় ৬ হাজার জনকে আটক করেছে তুরস্ক। আটককৃতদের মধ্যে রয়েছে, উচ্চপদস্থ সেনা সদস্যসহ ২ হাজার ৭০০ বিচারক।

আরও ৫০ জনের বেশি সেনাকে রোববার গ্রেপ্তার করা হয়েছে। আরও মানুষ গেপ্তার হতে পারে বলে জানিয়েছেন বিচারমন্ত্রী বেকির বোজদাগ।

গ্রেপ্তারকৃতদের অধিকাংশই গুলেনের হিজমেত আন্দোলনের অনুসারী বলে ধারণা করা হচ্ছে।