দক্ষিণ চীন সাগরের মামলা জিতল ফিলিপিন্স, রায় মানবে না চীন
দক্ষিণ চীন সাগরের সিংহভাগের ওপর চীনের একচ্ছত্র মালিকানার দাবি হেগের আন্তর্জাতিক আদালত খারিজ করে দিয়েছে। এতে মামলা জিতেছে ফিলিপিন্স।
দক্ষিণ চীন সাগরজুড়ে সম্পদ কাজে লাগানোর চীনের অধিকারকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাটি করেছিল ফিলিপিন্স। এতে আদালত ফিলিপিন্সের পক্ষেই রায় দিল।
তবে বেইজিং এরই মধ্যে জানিয়েছে, তারা আদালতের এ রায় মানবে না। রুলিং প্রত্যাখ্যান করে বেইজিং বলেছে, এ রায় ‘ভিত্তিহীন।’ তারা রায় মেনে চলতে বাধ্য নয়।
দক্ষিণ চীন সাগরের প্রায় অধিকাংশেরই মালিকানা দাবি করে আসছে বেইজিং। এমন কিছু দ্বীপ, চর এবং প্রবাল দ্বীপ চীন সাম্প্রতিক বছরগুলোতে দখলে নিয়েছে, যেগুলো অন্যান্য দেশগুলোও দাবি করছে।
হেগ আদালতের রায়ে বলা হয়েছে, “চীন ফিলিপিন্সের সার্বভৌমত্বের অধিকার লঙ্ঘন করেছে। এতে আরও বলা হয়েছে, কৃত্রিম দ্বীপ তৈরি করে চীন প্রবাল দ্বীপগুলোর পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করেছে।”
হেগ আদালতের রায় মানার আইনি বাধ্যবাধকতা থাকলেও রায় কার্যকর করার কোনো ক্ষমতা আদালতের নেই।
মঙ্গলবার এ রায়ের আগে যুক্তরাষ্ট্র বিতর্কিত জলসীমায় বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠায়। অন্যদিকে, পারাসেল দ্বীপপুঞ্জের কাছে মহড়া চালাচ্ছে চীনের নৌবাহিনীও।
খনিজ সম্পদ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনের সাথে আঞ্চলিক দেশগুলোর বিরোধ দিন দিনই বাড়ছে।
দক্ষিণ চীন সাগরের পারাসেল এবং স্প্রাটলিস দ্বীপপুঞ্জ চীনের দখলে থাকলেও এর মালিকানা দাবি করে আসছে ভিয়েতনাম এবং ফিলিপাইন। তাছাড়া, গুরুত্বপূর্ণ একটি চরের মালিকানা নিয়েও চীনের সঙ্গে ফিলিপাইনের বিরোধ চলে আসছে।
বিতর্কিত এ এলাকাগুলো চীন তাদের দখলে রেখে সেসব জায়গায় যুদ্ধজাহাজের মহড়া চালাচ্ছে। সাগরের অনেক অগভীর জায়গায় চীন কৃত্রিম দ্বীপ বানিয়ে সেগুলোতে সেনা মোতায়েন করেছে। তৈরি করেছে রানওয়েও।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, চীনই প্রথম দক্ষিণ চীন সাগরের দ্বীপ এবং এর আশেপাশের এলাকাগুলোর সন্ধান পেয়েছে। আর সেকারণেই এ এলাকার ওপর চীনেরই সার্বভৌমত্ব, অধিকার এবং স্বার্থ জড়িয়ে আছে।
