২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বিরুদ্ধে হুমকি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের  পদক্ষেপের বিরুদ্ধে ‘শক্তিশালী জবাব’ দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 05:45 PM

Updated : 25 Jul 2022, 09:27 PM

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া শুক্রবার বলেছে, “দ্য টার্মিনাল হাই আলটিচুড এরিয়া ডিফেন্স’ (টিএইচএএডি)  ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলা করা হবে।”

উত্তর কোরিয়া এ বছর চতুর্থবারের মতো পারমাণবিক অস্ত্র এবং দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে নতুন জাতিসংঘ নিষেধাজ্ঞার মুখে পড়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে এ ব্যবস্থা বসানোর ঘোষণা দিল।

উত্তর কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্রের বিশ্বে মাতবরি করার আগ্রাসী হাতিয়ার টিএইচএএডি (থাড) দক্ষিণ কোরিয়ায় নিয়ে আসার স্থান এবং সময় জানতে পারা মাত্র এর বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। নির্মম প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় আমাদের সেনাবাহিনী পিছপা হবে না।”

উত্তর কোরিয়া প্রায়ই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে এ ধরনের হুমকি দিয়ে আসছে। চরম উত্তেজনার সময়  উত্তর কোরিয়া প্রায়ই এ ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর পিয়ংইয়ং এ  পদক্ষেপকে ‘সরাসরি যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করেছে।

থাড মোতায়েনের  ঘোষণা আসার একদিন পরই উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে থাকা একটি সাবমেরিন থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। তবে দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়ার এ পরীক্ষা ব্যর্থ হয়েছে।

তবে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কবে নাগাদ মোতায়েন হবে এবং কোথায় মোতায়েন হবে তা এখনও জানা যায়নি।