‘বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিলেন’ ডালাসের হত্যাকারী
যুক্তরাষ্ট্রের ডালাস শহরে গুলিতে পাঁচ পুলিশকে হত্যা ও সাতজনকে আহতকারী ব্যক্তি আরো বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিলেন বলে জানিয়েছে শহরটির পুলিশ প্রধান।
পুলিশের বরাতে বিবিসি বলছে, শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণদের মৃত্যুর সাম্প্রতিক ঘটনায় ক্ষুব্ধ ছিলেন ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ মিকাহ জনসন। তাই তিনি শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাদের হত্যা করতে চেয়েছিলেন।
ডালাসের পুলিশ প্রধান ডেভিড ব্রাউন জানিয়েছেন, জনসনের বিস্তৃত পরিকল্পনার বিষয়ে তিনি ‘নিশ্চিত’ হয়েছেন।
সিএনএনকে তিনি জানিয়েছেন, সামরিক বাহিনীর সাবেক সদস্য জনসন বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানোর অনুশীলন করছিলেন এমন ধারণা পাওয়া গেছে।
তিনি আরো জানান, পুলিশের দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকে জনসন যেখানে নিহত হয়েছেন সেখানে তিনি নিজের রক্তে ইংরেজি ‘আর’ ও ‘বি’ অক্ষর দুটি লিখে রেখে গেছেন। পুলিশ এর তাৎপর্য বোঝার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া জনসনের বাড়িতে পাওয়া একটি সাময়িকী পুলিশ কর্মকর্তারা পড়ে দেখছেন কিন্তু তার ‘অর্থোদ্ধার করা শক্ত’ বলে জানিয়েছেন তিনি।
ব্রাউন আরো জানান, বৃহস্পতিবার হামলা চলার সময় পুলিশের সঙ্গে জনসনের দুই ঘণ্টা ধরে মধ্যস্থতার সময় হামলাকারী জনসন পুলিশকে বিদ্রুপ করেছে।
তিনি বলেন, “তিনি (জনসন) আমাদের সঙ্গে নির্জলা মিথ্যা বলেছেন, আমাদের নিয়ে খেলেছেন, হাসি-ঠাট্টা করেছেন, গান গেয়েছেন তারপর কতজন পুলিশ কর্মকর্তাকে তিনি মারতে পেরেছেন তা জিজ্ঞেস করে আরো কয়েকজনকে মারতে চান বলে জানিয়েছেন। তার কাছে বোমা আছে বলে দাবি করেছেন।
“তাই মধ্যস্থতা করেও কোনো অগ্রগতি হয়নি। এরপর আমি অনুভব করা শুরু করলাম, কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের উপর হামলা শুরু করে অনেককে হত্যা করতে পারেন, তার আগেই তাকে হত্যা করতে হবে।”
পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহতের ঘটনার প্রতিবাদে ডালাসে বিক্ষোভ চলার সময় জনসন পুলিশের ওপর স্নাইপার বন্দুক দিয়ে হামলা চালান।
মিনেসোটার সেন্ট পলে ফিলান্ডো ক্যাসটাইল ও লুইজিয়ানার ব্যাটন রুজে অ্যাল্টন স্টার্লিং নামের দুই কৃষ্ণাঙ্গ তরুণ পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক প্রতিবাদ চলছে।
