২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই রুশ পাইলটকে হত্যা করেছে আইএস

সিরিয়ায় পালমিরার কাছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এতে নিহত হয়েছে হেলিকপ্টারটির দুই রুশ পাইলট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jul 2016, 08:22 PM

Updated : 12 Apr 2022, 02:25 AM

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

মন্ত্রণালয় জানায়, সিরিয়ান এমআই-২৫ হেলিকপ্টারে করে গত শুক্রবার হোমস প্রদেশে আইএস যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছিলেন দুই পাইলট। এ সময় হেলিকপ্টারটির জ্বালানি শেষ হয়ে যায়।

আর তখনই হেলিকপ্টার নিয়ে অভিযান থেকে ফেরার পথে জঙ্গিরা সেটিকে গুলি করে ভূপাতিত করে। মাটি থেকে জঙ্গিদের ছোড়া গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে গিয়ে পড়ে সিরিয়া সরকারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকায়।

শনিবার আইএস সংশ্লিষ্ট বার্তা সংস্থা আমাক এর প্রকাশিত ভিডিও ফুটেজে একটি হেলিকপ্টার গুলিতে বিধ্বস্ত হয়ে ভুপাতিত হতে দেখা গেছে।

২০১৫ সালের শেষ দিকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সমর্থনে রাশিয়া দেশটিতে আইএসবিরোধী অভিযান শুরু করেছে।