২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মধ্যপ্রদেশে বন্যায় মৃত ১১

টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গত কয়েকদিনে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 09:54 AM

Updated : 12 Apr 2022, 02:25 AM

শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, গত তিন-চার দিনে রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যায় আট ব্যক্তির মৃত্যু হয়েছে।

এদের মধ্যে দুইজন ভুপালে এবং টিকমগড়, রেওয়া, ঝাবুয়া, বেতুল, রাইসেন ও পান্নায় একজন করে মারা গেছেন বলে জানিয়েছেন তিনি।  

রাজ্যের সাতনা জেলার ৪০০ বন্যার্তকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।

পুলিশের এক কর্মকর্তা বন্যার পানিতে ডুবে এক মোটরসাইকেল চালকের মৃত্যুর খবর দিয়েছেন। শাহপুর হ্রদ এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সৌরভ কাতিয়ার নামের ২১ বছর বয়সী ওই ব্যক্তি বানের পানিতে ভেসে যান। তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  

এছাড়া শুক্রবার মানদালা ও সিনগ্রাউলি জেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে আরো দুজনের মৃত্যু হয়। 

হোশাঙ্গাবাদে নর্মদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী চৌহান।

রাজ্যেটির জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সাতনা জেলার রঘুরাজ নগর তেহশিল থেকে ৪০০ বন্যার্ত মানুষকে উদ্ধার করে ত্রাণশিবিরে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।