২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডালাস হামলাকারী শ্বেতাঙ্গ পুলিশদের হত্যা করতে চেয়েছিল’

পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের নিহত হওয়ার ঘটনায় বিপর্যস্ত বন্দুকধারী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাদের হত্যা করতে চেয়েছিলেন বলে দাবি করেন ডালাস পুলিশ প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2016, 08:51 PM

Updated : 12 Apr 2022, 02:25 AM

ডালাস পুলিশ প্রধান ডেভিড ব্রাউন সাংবাদিকদের আরো বলেন, “সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশকে বলেছে সে একাই এই হামলা চালিয়েছে।”

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ডালাসে বিক্ষোভের মধ্যে পাঁচ পুলিশ সদস্যকে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়।

এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে পুলিশের উপর বন্দুকধারীদের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

এ ঘটনায় আরো ছয় জন আহত হয়েছেন।

হামলার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে।

ডাউনটাউনে ওই হামলার পর বন্দুকধারী এক ব্যক্তি একটি ভবনের গ্যারেজে আশ্রয় নেয় এবং রাতভর পুলিশের সঙ্গে তার গোলাগুলি হয়।

ব্রাউন বলেন, রোবটের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে হত্যা করা হয়।

 “একজন মধ্যস্থতাকারীকে সে বলেছে, সে কৃষ্ণাঙ্গদের জীবন যাপন নিয়ে হতাশ ছিল। সম্প্রতি পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় সে বিপর্যস্ত হয়ে পড়েছিল। শ্বেতাঙ্গদের নিয়েও তার মধ্যে হতাশা কাজ করছিল। সে বলেছে, সে শ্বেতাঙ্গদের বিশেষ করে শ্বেতাঙ্গ পুলিশদের হত্যা করতে চায়।”

“সে বলেছে, সে কোনো দলের সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং সে একাই এ কাণ্ড ঘটিয়েছে।”