২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে ঘূর্ণিঝড় নেপারতাকের আঘাত

তাইওয়ানে সুপার টাইফুন নেপারতাক আঘাত হেনেছে। বড় ধরনের এই ঘূর্ণিঝড়ের কারণে হাজার হাজার মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jul 2016, 03:22 PM

Updated : 12 Apr 2022, 02:25 AM

শুক্রবার ভোরে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জরুরি সংস্থার কর্তৃপক্ষ।

টেলিভিশন সম্প্রচারে দেখা যায় প্রবল বাতাস বইছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে।

প্রায় ১৫,৪০০ মানুষকে ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষা করতে তাদের বাড়ি-ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ ৮৭ হাজার ৮৩০টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় শহর তাইতুং-এর একজন বাসিন্দা জানিয়েছেন, “বাতাস অনেক শক্তিশালী।”

এই শহরটির উপর দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে যাচ্ছে।

জরুরি সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় নেপারতাকের আঘাতে একজনের মৃত্যুর খবর জানা গেছে। এতে আহত হয়েছেন ৬৬ জন।

বুলেট ট্রেনের সেবা বন্ধ রয়েছে। ৩ শতাধিক আন্তর্জাতিক ও ২৫৪টি অভ্যন্তরীণ ফ্লাইট ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হয়েছে।

এরআগে ৫ নম্বর ক্যাটাগরির এই ঘূর্ণিঝড়কে সামনে রেখে তাইওয়ানের উপকূল থেকে হাজার হাজার পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল, ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ১৬৩ মাইল বগে বাতাস বয়ে যাচ্ছে।

তাইওয়ানের জনপ্রিয় গ্রিন এবং অর্কিড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ৩ হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

‘সুপার টাইফুন’ ক্যাটাগরির ঘূর্ণিঝড় নেপারতাকের ক্ষয়ক্ষতি মোকাবিলায় দ্রুত অভিযান শুরুর জন্য ৩৫ হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে।

তাইওয়ানে প্রায়ই ঘূর্ণিঝড় আঘাত হেনে থাকে। ২০১৫ সালে ‘সুপার টাইফুন’ ক্যাটাগরির ঘূর্ণিঝড় দুজুয়ানের আঘাতে তিনজনের মৃত্যু ও ৩ শতাধিক মানুষ আহত হন।