ইরাকে আত্মঘাতী বোমা ও গুলিতে নিহত ৩৫
ইরাকে শিয়া মুসলিমদের একটি মাজারে আত্মঘাতী বোমা ও গুলিতে অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।
এই হামলার দায় স্বীকার করেছে তথা-কথিত ইসলামিক স্টেট (আইএস)।
বালাদ শহরে সৈয়দ মোহাম্মেদ বিন আলি আল-হাদির মাজারের প্রবেশ পথে এক ব্যক্তি তার শরীরে বেঁধে রাখা বিস্ফোরক বোঝাই বেল্টের বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে হামলাটির সূচনা হয়।
বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, আত্মঘাতী বিস্ফোরণের পরপরই একদল বন্দুকধারী শিয়া পূণ্যার্থীদের উপর এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে।
জানা গেছে, গেল রোববার বাগদাদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯২ জনে দাঁড়িয়েছে।
শিয়া মুসলিম অধ্যুষিত বাগদাদের কারাদা জেলার একটি বিপণীবিতান লক্ষ্য করে ওই হামলাটি চালানো হয়েছিল।
আইএস এই হামলার দায় স্বীকার করেছিল। এটি ২০০৩ সালে দেশটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের পর সবচে প্রাণঘাতী হামলা।
সুন্নি মুসলিম চরমপন্থিদের গোষ্ঠী আইএস প্রায়ই শিয়া মুসলিমদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। সুন্নি মুসলিম এই উগ্রপন্থিরা শিয়া মুসলিমদের ধর্মচ্যুত বলে বিবেচনা করে থাকে।
দুই বছর আগে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল অংশ দখল করে নিয়েছিল আইএস জঙ্গিরা। কিন্তু সম্প্রতি ইরাকের সরকারি বাহিনী মার্কিন জোটের বিমান হামলার ছত্রছায়ায় আইএসের দখল থেকে অনেক অংশই পুনর্দখল করেছে।
আইএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত ইরাকের ফাল্লুজায় সম্প্রতি দেশটির সরকারি বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আর এরই প্রতিক্রিয়ায় জঙ্গিগোষ্ঠীটি সাধারণ মানুষের উপর তাদের হামলার সংখ্যা বাড়িয়ে দিয়েছে।
আইএসের সাম্প্রতিক এসব হামলার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে ইরাকের সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
