ইরাক যুদ্ধের পর পৃথিবী আরো বাসযোগ্য হয়েছে: ব্লেয়ার
ইরাকে আক্রমণ না করলে ‘বর্তমান বিশ্বের অবস্থা আরো খারাপ হতো’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
ব্লেয়ার বলেন, ইরাক যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের ‘ভয়ঙ্কর পরিণতি’ সত্ত্বেও যে উদ্দেশ্য নিয়ে সাদ্দাম হোসেনকে উৎখাত করা হয়েছিল ‘তা অর্জিত হয়েছে’।
তবে (ইরাক সম্পর্কে) যে গোয়েন্দা তথ্য হাতে পেয়েছিলেন সেটা যদি তিনি পুনমূল্যায়ন করতেন তবে বিষয়টি তার জন্য ‘আরো ভালো’ হতো বলে মনে করেন ব্লেয়ার।
তিনি বলেন, “এটা এমন নয় যে আমি গোয়েন্দা তথ্যের উপর বিশ্বাস করতে চাইছিলাম। আমাকে বিশ্বাস করতে হয়েছে এবং তার একটি কারণ হলো, সাদ্দাম হোসেন তার নিজের লোকদের উপরই ওই অস্ত্র ব্যবহার করেছিলেন।”
২০০৩ সালের মার্চে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী ইরাকে সেনা অভিযান শুরু করে এবং ওই সময়ে ইরাকের একনায়ক সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উৎখাতের পর হত্যা করে।
যুক্তরাজ্যের সেনারাও ওই অভিযানে অংশ নেয় এবং যুদ্ধে ১৭৯ জন ব্রিটিশ সেনার মৃত্যু হয়।
সামরিক অভিযানের মাধ্যমে সাদ্দামকে উৎখাত করার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে।
ব্লেয়ার ইরাক যুদ্ধে যুক্তরাজ্যের অংশ গ্রহণের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটির আইনি ভিত্তি এবং প্রয়োজনীয়তা কতটুকু ছিল তা নিয়ে ২০০৯ সালে তদন্তের নির্দেশ দেন তার উত্তরসূরি গর্ডন ব্রাউন।
জন চিলকোটকে তদন্ত কমিটির প্রধান করা হয়। কমিটি এক বছরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ সাত বছর পর বুধবার ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ব্লেয়ার ইরাকে বিধ্বংসী অস্ত্রভাণ্ডার থাকার ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্য এবং অসন্তোষজনক আইনি পরামর্শের ওপর নির্ভর করেছিলেন।
“ইরাকে বিধ্বংসী অস্ত্রভাণ্ডার থাকার হুমকিকে অতিরঞ্জিত করা হয়েছিল। এছাড়া, অপ্রস্তুত অবস্থায় যুক্তরাজ্যের সেনাদের সেখানে অভিযানে পাঠানো হয় এবং যুদ্ধ পরিবর্তী পরিস্থিতি মোকাবেলার ‘যথেষ্ট পরিকল্পনা’ও গ্রহণ করা হয়নি।”
প্রতিবেদনে ইরাক যুদ্ধের কয়েক মাস আগে ওই সময়কার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে ব্লেয়ারের কথোপকথনের উল্লেখ করা হয়।
ওই কথোপকথনে ব্লেয়ার বুশকে বলেন, “যাই হোক, আমি আপনার সঙ্গে থাকব।”
বিবিসি রেডিও ফোর কে দেওয়া সাক্ষাৎকারে ব্লেয়ার এ প্রসঙ্গে বলেন, যুদ্ধে অংশ গ্রহণের বিষয়ে ‘অপরিবর্তনযোগ্য কোনো সিদ্ধান্ত’ তিনি গ্রহণ করেননি।
“আমরা যুক্তরাষ্ট্রকে খুব পরিষ্কার করে শুধু একটা প্রতিশ্রুতিই দিয়েছিলাম।সেটা হল, ইরাক বিষয়ে তারা যে সিদ্ধান্তই নিক আমরা তাদের পাশে থাকবো।”
চিলকোট প্রতিবেদনে ইরাক যুদ্ধে অংশ গ্রহণের জন্য ব্লেয়ারের কড়া সমালোচনা করা হয়।
এ বিষয়ে তিনি বলেন, “অভিযান নিয়ে যেসব সমালোচনা হচ্ছে তা আমি বুঝতে পারছি। কিন্তু আজও আমি যখন সেদিকে তাকাই আমার মনে হয়, ওইসব দেশ ও অঞ্চলের যে ভবিষ্যতের কথা ভেবে আমরা অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলাম তা অর্জিত হয়েছে।”
“আমি আমার ভুলগুলোর জন্য দুঃখ প্রকাশ করতে পারি এবং আমি আরো অনেক কিছুর জন্য দুঃখ প্রকাশ করতে পারি। তবে আমি সত্যিই বিশ্বাস করি, আমাদের উদ্দেশ্য ভালো ছিল এবং সরল বিশ্বাসে আমরা যেটা করতে চেয়েছিলাম শুধু সেটাই করেছি। আমার নিশ্চিত বিশ্বাস, যদি আমরা অভিযান না চালাতাম তবে আমরা আরো খারাপ অবস্থায় পতিত হতাম। হতে পারে আমার এ বিশ্বাস সম্পূর্ণ ভুল।”
