সিয়েরা লিওনের অপহৃত কূটনীতিককে মুক্তি
সিয়েরা লিওনের সেনাবাহিনীর সাবেক প্রধান মেজর জেনারেল নেলসন উইলিয়ামসকে নাইজেরিয়ায় অপহরণের পর মুক্তি দেওয়া হয়েছে।
গেল সপ্তায় তাকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশ থেকে অপহরণ করা হয়েছিল।
তিনি সেখানে একটি সেনাঘাঁটির অনুষ্ঠান উপলক্ষ্যে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি বলছে, কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে সিয়েরা লিওনের ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্বপালনকারী উইলিয়ামস রাজধানী আবুজায় তার ঘাঁটিতে ফিরেছেন।
তবে তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কোনো মুক্তিপণ দেওয়া হয়েছে কিনা এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র ডন ওনাহ বলেছেন, “তিনি (উইলিয়ামস) সুস্থ আছেন।”
১৯৬১ সালে স্বাধীনতা অর্জনের পর মেজর জেনারেল উইলিয়ামসই সম্ভবত সিয়েরা লিওনের প্রথম কূটনীতিক যিনি অপহরণের শিকার হলেন।
নাইজেরিয়ার কোনো কোনো অংশে অপহরণ করে মুক্তিপণ আদায় বেশ সাধারণ একটি বিষয়ে পরিণত হয়েছে।
এই ঘটনা নাইজেরিয়ার সরকারের জন্য একটি বড় ধরনের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
কিন্তু কারা এই অপহরণের ঘটনাটি ঘটিয়েছিল তা এখনো জানা সম্ভব হয়নি।
