২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ জনের মৃত্যু

তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে সাতজনের মৃত্যু হয়ে। এই দুর্ঘটনায় হেলিকপ্টারটিকে থাকা আরও আটজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 10:27 AM

Updated : 12 Apr 2022, 02:24 AM

বিবিসি বলছে, সিকোরস্কি এস-৭০ হেলিকপ্টারটি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও তার তাদের পরিবারের সদস্যদের বহন করছিল। আরোহীদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল।

ইরেসান প্রদেশে কৃষ্ণসাগরের কাছে পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এখনো পর্যন্ত এই দুর্ঘটনার কারণ জানা সম্ভব না হলেও ওই সময় আবহাওয়া পরিস্থিতি নাজুক ছিল।

যাত্রীরা গিরেসানে ঈদ উদযাপন করার জন্য যাচ্ছিলেন বলে জানা গেছে।

এক বিবৃতিতে তুর্কি সেনা বাহিনীর চিফ অব স্টাফ বলেন, “আমাদের সশস্ত্র বাহিনীর সঙ্গী, তাদের স্ত্রী এবং সন্তানসহ সাতজন প্রাণ হারিয়েছেন।”

এ ব্যাপারে বিস্তারিত আর কোনোকিছু বিবৃতিতে বলা হয়নি।

তুর্কি গণমাধ্যম হেলিকপ্টারের যাত্রীদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং দুইজন কর্নেলও ছিলেন বলে দাবি করেছে।

স্থানীয় সময় বিকাল সোয়া ৫টায় ইরেসান প্রদেশের আলুকরা জেলার তোহুমলুক গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সাংবাদিকদের জানান, “সম্পূর্ণ বিরূপ আবহাওয়ার কারণে” এই দুর্ঘটনা ঘটেছে।

উপ-প্রধানমন্ত্রী নুরেত্তিন কানিকলি দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার যোগসূত্র খারিজ করে দেন।