আইএসের ‘স্লিপার সেলে’র বিরুদ্ধে অভিযান চান ইরাকিরা
বাগদাদের একটি বিপণীবিতান এলাকায় চালানো আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা পৌনে দুইশ ছাড়িয়ে গেছে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত কারাদা এলাকায় চালানো ওই হামলায় নিহতের সংখ্যা ১৭৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো।
এ ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ইরাক।
ব্যাপক এই হামলার প্রতিক্রিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রতি ইসলামিক স্টেটের (আইএস) ‘স্লিপার সেলগুলোর’ বিরুদ্ধে অভিযান চালানোর দাবি উঠেছে।
ইরাকে চালানো সবচেয়ে প্রাণঘাতী একক আত্মঘাতী হামলাগুলোর মধ্যে কারাদার হামলা অন্যতম হয়ে উঠেছে।
রোববার ভোররাতে সেহরির সময় কারদার প্রধান সড়কে একটি রেস্তোরাঁয় এক আত্মঘাতী বিস্ফোরকভর্তি একটি রেফ্রিজারেটর ট্রাক নিয়ে হামলা চালায়। এতে রেস্তোরাঁটিতে সেহরি খেতে আসা লোকজনসহ আশপাশের অনেক মানুষ নিহত হয়।
সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে তাদের খুঁজে ফিরছেন উদ্ধারকারী ও স্বজনরা।
আইএস এ হামলার দায় স্বীকার করেছে। হামলাটি আত্মঘাতী ছিল বলে জানিয়েছে তারা। গোষ্ঠীটির ইরাকে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি।
একই রাতে উত্তর বাগদাদের শিয়া এলাকার জনপ্রিয় মার্কেট আল শাহাবে সামনে রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আরো দুইজন নিহত হন।
এসব হামলা দেখিয়েছে সাম্প্রতিক সামরিক পরাজয় সত্বেও আইএস ইরাকি রাজধানীর কেন্দ্রস্থলে হামলা চালাতে পারে। এতদিন বলা হয়েছে, বাগদাদের নিকটবর্তী আইএস নিয়ন্ত্রিত শহর ফাল্লুজা থেকে এ ধরনের হামলাগুলো পরিচালনা করা হয়েছে।
বাগদাদ থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ফাল্লুজায় অভিযানে আগে বাগদাদে ধারাবাহিক বোমা হামলা চালিয়েছিল আইএস। ওইসব হামলার পরিপ্রেক্ষিতেই মে মাসে ফাল্লুজায় অভিযানের ঘোষণা দেয় সরকার।
সম্প্রতি ইরাকি বাহিনী ফাল্লুজা পুনরুদ্ধারের পর প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বিজয়ের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু রাজধানীতে চালানো আইএসের ভয়াবহ আত্মঘাতী হামলায় তার সে ঘোষণা ম্লান হয়ে গেছে।
নিরাপত্তা বাহিনীর ব্যর্থতায় বাগদাদের মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। রোববার কারাদার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জনরোষের শিকার হন প্রধানমন্ত্রী আবাদি। স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে পাথর, খালি বালতি ও স্যান্ডেল ছুঁড়ে মারে।
বাগদাদ-ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ও ‘দায়েশের জগৎ’ বইয়ের লেখক হিশাম আল হিশামি বলেন, “দায়েশ পশ্চাৎপসারণ করে তথাকথিত রাষ্ট্র ও সন্ত্রাসী গোষ্ঠী থেকে সঙ্কুচিত হয়ে শুধু সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে।”
গোষ্ঠীটির ‘স্লিপার সেলগুলোকে’ চিহ্নিত করা এখন গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীগুলোর প্রধান দায়িত্ব হয়ে উঠেছে বলে মনে করেন তিনি। একই ধরনের মত প্রকাশ করেছেন পুলিশের সাবেক মেজর জেনারেল আব্দুল করিম খালাফ।
