চীনে ব্যাংক কর্মীদের বেত মেরে শাস্তি!
চীনের একটি ব্যাংকের কর্মচারীরা একটি প্রশিক্ষণ সেশনে ঠিকমত কাজ করতে না পারায় তাদেরকে প্রকাশ্যে পশ্চাৎদেশে বেত মেরে শাস্তি দিয়েছেন প্রশিক্ষক।
ঘটনাটির একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে ক্ষোভ দেখা দিয়েছে। ভিডিওটি প্রথম অনলাইনে পোস্ট করে চীনের ‘পিপলস ডেইলি’ পত্রিকা।
এতে দেখা যায়, এক প্রশিক্ষক ৮ কর্মীকে জিজ্ঞেস করছে, কেন তারা প্রশিক্ষণে ভাল করতে পারেনি।
এরপর ওই ব্যক্তিকে একটি ছড়ির মত একটি জিনিস দিয়ে তাদেরকে মারতে দেখা যায়। পরবর্তীতে ওই প্রশিক্ষক কর্মীদের চুলও কেটে দেয়।
উত্তর চীনের চাংঝি ঝাংঝে পল্লী বাণিজ্যিক ব্যাংকে শনিবার এ ঘটনা ঘটে।
বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু হওয়ার পর এ ব্যাংকটির দুজন নির্বাহী কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়েছে, ঝিয়াং ইয়াং নামের যে প্রশিক্ষক একাজ করেছিলেন, তিনি পরে প্রকাশ্যে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।
