২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরে দাঁড়াচ্ছেন ট্রাম্পের প্রচার ম্যানেজার

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রায় নিশ্চিত করে ফেলা ডোনাল্ড ট্রাম্পের প্রচার ম্যানেজার সরে দাঁড়াচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 10:17 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

ট্রাম্প শিবিরের এক মুখপাত্র বলেছেন, কোরি ল্যাবেনডস্কি আর প্রচারকাজ করবেন না। দল তার কঠোর পরিশ্রম এবং আত্মনিবেদনের জন্য কৃতজ্ঞ বলে জানান তিনি।

ল্যাবেনডস্কির প্রস্থানের সঠিক কারণ এখনও পরিষ্কার জানা যায়নি। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র মার্কিন গণমাধ্যমকে বলেছেন, তাকে বরখাস্ত করা হয়েছে।

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ বলেছে, প্রচার শিবির সাধারণ নির্বাচনী প্রচারের প্রয়োজনের সঙ্গে খাপ খাওয়ানোর পরিকল্পনা করছে।

বিতর্কিত মন্তব্য এবং অভিবাসন নিয়ে কড়া নীতির কারণে ট্রাম্প তার নিজের দলের ঊর্ধ্বতন সদস্যদের কাছ থেকে তীব্র প্রতিরোধের মুখে থাকার মধ্যে সরে দাঁড়াচ্ছেন তার প্রচার ম্যানেজার।

অরল্যান্ডোর নৈশক্লাবে গুলিতে ৪৯ জন নিহতের ঘটনায় প্রতিক্রিয়া দেখানো নিয়ে সমালোচনার শিকার হয়েছেন ট্রাম্প। গুলির ঘটনার পর ট্রাম্প ফের মুসলিমদেরকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার কথা জোর গলায় বলেছেন।

তার বিতর্কিত নানা মন্তব্যের জন্য রিপাবলিকানরাও তার সঙ্গে দূরত্ব রাখতে শুরু করেছেন। সম্প্রতিক কয়েকটি জরিপেও দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে।

রয়টার্স ইপসোস জরিপে দেখা গেছে প্রত্বিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পিছিয়ে পড়েছেন ট্রাম্প।

এ সপ্তাহের জরিপে দেখা গেছে, ৪৫ দশমিক ৫ শতাংশ আমেরিকান ভোটার হিলারিকে সমর্থন করছে। অন্যদিকে, ৩৪ দশমিক ৮ শতাংশ মানুষ ট্রাম্পকে সমর্থন করছে। রোববার হিলারির পক্ষে সমর্থন দেখা গেছে ৪৬ দশমিক ৬ শতাংশ এবং ট্রাম্পের ৩২ দশমিক ৩ শতাংশ।