নেপালে ভূমিকম্পে বিধ্বস্ত গ্রামের নামে মঙ্গলে খাদ
গেল বছরের প্রলয়ঙ্করী ভূমিকম্পে নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর অন্যতম লাংটাংয়ের নামে মঙ্গলগ্রহের একটি খাদের নামকরণ করা হয়েছে।
ভূমিকম্পের সময় পুরো লাংটাং গ্রামটি বরফধসে চাপা পড়লে অন্ততপক্ষে ২১৫ জনের মৃত্যু হয়। গ্রামটি নেপালে ঘুরতে আসা পবর্তারোহীদের অত্যন্ত পছন্দের স্থান ছিল।
বিবিসি বলছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মঙ্গলের ৯ দশমিক ৮ কিলোমিটার চওড়া একটি খাদের নাম রেখেছে লাংটাং।
এই নামকরণের উদ্যোক্তা গবেষক ড. জালিং দ্য হেস জানিয়েছেন, এটা নেপালের ওই গ্রামের প্রতি ‘শ্রদ্ধাঞ্জলি’।
ড. হেস নেদারল্যান্ডসের ইথ্রেক্ট বিশ্ববিদ্যালয়ে মঙ্গলের ফিজিক্যাল জিওগ্রাফি বিষয়টি পড়ান।
লাংটাং নামটিকে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি জানান, হিমালয়ের হিমবাহের উপর গবেষণা করার সময় তার একজন সহকর্মী লাংটাংয়ে থেকে কাজ করেছেন।
তিনি বলেন, “দীর্ঘ দিন ধরে কাজ করার সময় লাংটাংকে নিজের প্রধান ঘাঁটি বানিয়েছিল সে, তাই আমরা ভাবলাম এই খাদটিকে লাংটাং ডাকা হলে তা শ্রদ্ধাঞ্জলি হিসেবে সুন্দর হবে।”
মঙ্গলের লাংটাং খাদ একটি ‘গুরুত্বপূর্ণ জায়গা’ বলে জানান তিনি।
তিনি আরো বলেন, “খাদের খাড়া দেওয়ালের শীর্ষে যে দাগগুলো আছে তা সম্ভবত পানিপ্রবাহের কারণে তৈরি হয়েছে। এর নিচে রিজ দেখা যাচ্ছে, এগুলো সাবেক হিমবাহের অবশিষ্টাংশ।”
মঙ্গলের আরেকটি খাদেরও নামকরণ করেছেন তিনি। দুটি নামই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ওয়ার্কিট গ্রুপ ফর প্ল্যানেটারি সিস্টেম নমেনকালচার অনুমোদন করেছে।
