সিরিয়া সরকারের ওপর হামলার আহ্বান মার্কিন কূটনীতিকদের
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের ৫০ জনের বেশি মার্কিন কূটনীতিক।
একইসঙ্গে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে একটি অভ্যন্তরীন স্মারকলিপিও সই করেছেন তারা।
পররাষ্ট্র দপ্তরে সিরিয়া ইস্যুতে পরামর্শদাতা হিসাবে কাজ করা মধ্যম ও উচ্চ পর্যায়ের ৫১ জন কর্মকর্তা ‘ডিসেন্ট চ্যানেল কেবল’ সই করেন। ‘ডিসেন্ট চ্যানেল’ একটি আনুষ্ঠানিক ফোরাম, যেখানে কর্মচারীরা তাদের ভিন্নমত প্রকাশ করতে পারে।
আসাদকে যুদ্ধবিরতি লঙ্ঘন থেকে বিরত করার জন্যই তার সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কূটনীতিকরা।
দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে স্মারকলিপিটির কপির উদ্ধৃতি দিয়ে বলা হয়, এতে এ বছরের গোড়ার দিকে শুরু হওয়া যুদ্ধবিরতি প্রায় ভেঙে পড়ার প্রেক্ষাপটে সিরিয়া সরকারের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে সামরিক হামলা চালানোর আহ্বান জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মানুযায়ী, এ ধরনের স্মারকলিপি সই বিরল ঘটনা না হলেও হোয়াইট হাউজের নীতির বিরুদ্ধে এত বেশিসংখ্যক কূটনীতিকের অবস্থান নেওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রে বিরল।
সিরিয়ায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার কেবল ইসলামিক স্টেট (আইএস) এবং তালিকাভুক্ত অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধেই সামরিক হামলার অনুমোদন দিয়েছে। এখন মার্কিন সরকার সিরিয়া সরকারের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিলে তা হবে প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের নীতির একটি বড় পরিবর্তন।
তাছাড়া, আসাদের ওপর সামরিক হামলার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সংঘাত সৃষ্টি হবে। কারণ, রাশিয়া বিমান হামলা, প্রশিক্ষণ এবং সামরিক ক্ষেত্রে পরামর্শ দিয়ে আসাদ সরকারকে সহায়তা করে যাচ্ছে।
স্মারকলিপি সই না করা এক মার্কিন কর্মকর্তা বলেছেন, হোয়াইট হাউজ সিরিয়ায় আর কোনও সামরিক হস্তক্ষেপের ঘোর বিরোধী। স্মারকলিপি সইয়ের ফলে এ নীতিতে কোনও পরিবর্তন ঘটার তেমন সম্ভাবনা নেই কিংবা প্রেসিডেন্ট ওবামারও আইএস বিরোধী লড়াই থেকে অন্যদিকে নজর দেওয়ার সম্ভাবনা নেই।
