কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডিজনি রিসোর্টে লেকের পাড় থেকে কুমিরে টেনে নিয়ে যাওয়া দুই বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বিবিসি বলছে, ডুবুরিরা লেকে তল্লাশি চালিয়ে একটি ‘অক্ষত’ লাশ উদ্ধার করেছে যা ওই শিশুর বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় লেকের পাড়ে বসে থাকা শিশুটিকে তার পরিবারের সামনেই কুমিরে টেনে পানিতে নিয়ে যায়।
বালকটির বাবা সঙ্গে সঙ্গে পানিতে নেমে কুমিরের চোয়াল থেকে ছেলেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন বলে জানায় পুলিশ।
অরেঞ্জ কাউন্টি শেরিফ জেরি ডেমিংস জানান, নিখোঁজ ওই শিশুর নাম লেন গ্রাভেস। তার বাড়ি নেব্রাস্কায়।
কুমিরটি শিশুটিকে পানিতে নিয়ে যাওয়ার পর তার দেহাবশেষের খোঁজে পাঁচটি কুমির ধরে হত্যা করে তল্লাশি চালানো হয়।
শিশুটির লাশ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও এটি লেনেরই মৃতদেহ বলে আত্মবিশ্বাসী পুলিশ।
এরআগে বুধবার পুলিশ বলেছিল, ‘প্রশ্নাতীতভাবেই’ শিশুটি মারা গেছে।
পুলিশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের ৫০ জনের একটি দল শিশুটির সন্ধান চালায়।
পুলিশ কর্মকর্তা উইলিয়ামসন জানান, “কৃত্রিম লেকটির যেখানে এ দুর্ঘটনা ঘটে সেখানে ‘নো সুইমিং’ লেখা বিপদ সংকেত টানানো ছিল। তারপরও শিশুটি পানির একেবারে কাছে চলে যায়। ছেলেকে বাঁচাতে কুমিরের সঙ্গে লড়াই করতে গিয়ে শিশুটির বাবা হাতে আঘাত পেয়েছেন।”
রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তরা জানান, ফ্লোরিডা জুড়ে জলাজঙ্গল, নদী ও লেকে কুমির বাস করে।
এরকম কুমিরের আক্রমণও সেখানে প্রায়ই ঘটে। ১৯৪৮ সাল থেকে এপর্যন্ত কুমিরের আক্রমণে ফ্লোরিডায় ২২ জন মারা গেছেন।
