২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ মিশরীয় বিমানের মূল ধ্বংসাবশেষের খোঁজ

গেল মাসে ভূমধ্যসাগরের উপর থেকে নিখোঁজ হয়ে যাওয়া ইজিপ্টএয়ারের যাত্রীবাহী উড়োজাহাজের মূল ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 11:32 AM

Updated : 12 Apr 2022, 02:17 AM

বিবিসি বলছে, মিশরীয় তদন্তকারীরা এক বিবৃতিতে জানিয়েছেন, “(ভূমধ্যসাগরের) কয়েকটি এলাকায় মূল ধ্বংসাবশেষগুলো শনাক্ত করা হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, গভীর সাগরে অনুসন্ধান চালাতে সক্ষম একটি জাহাজও ধ্বংসাবশেষের ছবি পাঠাতে শুরু করেছে।

১৯ মে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মিশরের রাজধানী কায়রো ফেরার সময় ৬৬ জন আরোহী নিয়ে ফ্লাইট এমএস৮০৪ ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়।

এয়ারবাস কোম্পানির এ৩২০ উড়োজাহাজটি বিপর্যয়ের কোনো সংকেত না দিয়েই গ্রিস ও মিশরের রাডার থেকে হারিয়ে যায়।

মিশরীয় তদন্তকারী কমিটি জানিয়েছে, অনুসন্ধানী জাহাজ জন লেথব্রিজে থাকা তদন্তকারীরা এখন ভূমধ্যসাগরের যেসব স্থানে ধ্বংসাবশেষগুলো ছড়িয়ে আছে তার একটি মানচিত্র তৈরি করছে।

এর আগে প্রাথমিক অনুসন্ধানের এক পর্যায়ে মিশরের আলেকজান্দ্রিয়া বন্দর থেকে ২৯০ কিলোমিটার উত্তর দিকে ভূমধ্যসাগরে উড়োজাহাজটির বাইরের অংশের কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়।  কিন্তু তখন মূল ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।

মূল ধ্বংসাবশেষের খোঁজে ভূমধ্যসাগরের তিন হাজার মিটার গভীর পর্যন্ত অনুসন্ধান চালানো হয়।

চলতি মাসের প্রথমদিকে অনুসন্ধানী দল জানায়, ফ্লাইট রেকর্ডের তথ্য ধারণকারী একটি ‘ব্ল্যাক বক্সের’ সঙ্কেত চিহ্নিত করেছেন তারা।

তবে ২৪ জুনের মধ্যে ‘ব্ল্যাক বক্স’ থেকে সঙ্কেত পাঠানোর মেয়াদ শেষ হয়ে যাবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার কারণ এখনও রহস্যই রয়ে গেছে। 

সন্ত্রাসী হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া না গেলেও এখনও পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী বিমানটি নামানোর দাবি জানায়নি।

বিশ্লেষকরা বলছেন, মানুষের ভুল বা যান্ত্রিক ত্রুটিও সম্ভাব্য কারণ হতে পারে।

এখন পর্যন্ত যে সব তথ্য পাওয়া গেছে তাতে জানা যায়, সঙ্কেত হারিয়ে যাওয়ার কয়েক মিনিট আগে বিমানের টয়লেট ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি থেকে বের হওয়া ধোঁয়া শনাক্ত করেছিল উড়োজাহাজটির স্মোক ডিটেক্টরগুলো।

গ্রিসের তদন্তকারীদের মতে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি বামদিকে ৯০ ডিগ্রি ঘুরে গিয়ে আবার ডান দিকে ৩৬০ ডিগ্রি ঘুরে যায়। এরপর ১১ হাজার ৩০০ মিটার উচ্চতা থেকে চার হাজার ৬০০ মিটার উচ্চতায় নেমে আসে। আর তারপরই তিন হাজার মিটার উচ্চতায় এসে রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।