২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহারা মরুভূমিতে ৩৪ শরণার্থীর মৃতদেহ

আলজেরীয় সীমান্তের কাছে সাহারা মরুভূমিতে ২০ শিশুসহ ৩৪ জন শরণার্থীর মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে নাইজার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 10:56 AM

Updated : 12 Apr 2022, 02:17 AM

বিবিসি বলছে, ছোট্ট মরু শহর আসসামাকার কাছে এই মৃতদেহগুলো পাওয়া যায় বলে এক বিবৃতিতে নাইজারের সরকার জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাজোমু মোহাম্মেদ বলেন, পাচারকারীরা তাদের ফেলে চলে যাওয়ার পর তৃষ্ণার কারণে তারা মৃত্যুবরণ করেছেন বলে মনে হচ্ছে।

শরণার্থীদের কাছে সাব-সাহারা আফ্রিকা ও ইউরোপের মধ্যে গুরুত্বপূর্ণ পথ নাইজার।

বাজোমু মোহাম্মেদ বলেন, মৃত্যুবরণকারীদের মধ্যে পূর্ণবয়ষ্ক নয়জন নারী ও পাঁচজন পুরুষ। ৬ থেকে ১২ জুনের মধ্যে তারা মারা যান।

এদের মধ্যে দুইজন নাইজেরিয়ান নাগরিক বলে শনাক্ত করা সম্ভব হলেও বাকিরা কোন দেশের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বলছে, গেল বছর প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ নাইজারের অনুর্বর উত্তর আগাদেজ অঞ্চল অতিক্রম করেছে।

সাম্প্রতির বছরগুলোতে হাজার হাজার অবৈধ শরণার্থী আলজেরিয়া ভ্রমণ করেছেন। এদের অধিকাংশই মালি ও নাইজার হয়ে সেখানে গেছেন।

রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হওয়ার পর থেকে লিবিয়াকে পারতপক্ষে এড়িয়ে চলছে মানবপাচারকারীরা।