মানুষখেকো সিংহ খুঁজতে ‘গ্রেপ্তার’ ১৮ সিংহ
ভারতের গুজরাটে একটি মানুষখেকো সিংহের খোঁজে অভয়ারণ্য থেকে ১৮টি সিংহকে ‘গ্রেপ্তার’ করা হয়েছে। তিনজনকে হত্যার দায়ে বিচারে মানুষখেকো সিংহটিকে শাস্তির মুখোমুখি হতে হবে।
মঙ্গলবার বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, গুজরাটের বন কর্মকর্তারা সিংহগুলোর থাবার ছাপ ও মল পরীক্ষার মাধ্যমে মানুষেখেকো সিংহটিকে শনাক্ত করার চেষ্টা করছে।
‘দোষী সিংহটিকে’ খুঁজে পাওয়া সম্ভব হলে শাস্তি হিসেবে তাকে আজীবন চিড়িয়াখানায় রাখা হবে এবং বাকি সিংহগুলোকে গভীর অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।
সম্প্রতি গির অভয়ারণ্যের কাছে মানুষের ওপর সিংহের ছয়বার হামলা চালানোর খবর পাওয়া গেছে। এই অভয়ারণ্যে এশিয় সিংহদের বাস।
গুজরাটের প্রধান বন কর্মকর্তা জেএ খান বলেন, গত দুই মাস ধরে সিংহগুলোকে আটক করা হয়েছে। এখন সেগুলোকে আলাদা আলাদা খাঁচায় রেখে পরীক্ষা করা হচ্ছে।
“আমার বিশ্বাস আমরা দোষী সিংহটিকে সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হব। যদিও এখনও নয়টির বেশি সিংহের পরীক্ষার ফল আমাদের হাতে এসে পৌঁছায়নি।”
বন্যপ্রাণী বিশেষজ্ঞ রুচি দেবী বিবিসি’কে বলেন, এই পরীক্ষার মধ্যে পশুর পদচিহ্ন এবং মুখমণ্ডল থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে দেখা হবে।
“কর্মকর্তারা প্রাণীর আচরণও গবেষণা করে দেখবেন। সাধারণত মানুষখেকো সিংহ মানুষের উপস্থিতি টের পেলে আক্রমণাত্মক হয়ে উঠে।”
আরেক বন্যপ্রাণী বিশেষজ্ঞ রেভতুভাহ রাইজাদা বলেন, মানুষখেকো সিংহকে বাকি জীবনের জন্য খাঁচায় বন্দী করে রাখা উচিত। সেটিকে আবারও বন্য জীবনে অবমুক্ত করা খুবই বিপদজনক।
কোনো কোনো বিশেষজ্ঞের ধারণা, গির বনে সিংহের সংখ্যা বেড়ে যাওয়াই সেখানকার সিংহদের ‘অস্বাভাবিক’ আচরণের জন্য দায়ী।
ভারতের সুপ্রিম কোর্ট গুজরাট সরকারকে তাদের বনে থাকা সিংহগুলোর কয়েকটিকে অন্যান্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
যদিও রাজ্য সরকাররের পক্ষ থেকে অনীহা প্রকাশ করা হয়েছে এবং এ আদেশ পালনের কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই।
