২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেশ কয়েকটি জঙ্গিগোষ্ঠীর প্রতি সমর্থন জানিয়েছিলেন মতিন

অরল্যান্ডোর সমকামী নৈশক্লাবে গণহত্যার তাণ্ডব চালানো ওমর মতিন বিভিন্ন ধরনের উগ্রপন্থি ইসলামি গোষ্ঠীর পক্ষে নিজের সমর্থন প্রকাশ করেছিলেন। মধ্যপ্রাচ্যের এসব গোষ্ঠীর মধ্যে কোনো কোনোটি একে অপরের চরম শত্রু।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Jun 2016, 03:26 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

সোমবার মতিন সম্পর্কে এসব তথ্য  জানিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী এই হত্যাকাণ্ডের  এই একমাত্র ঘাতকের ক্রুদ্ধ, সহিংস আচরণের রূপ প্রকাশ পেতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া আফগান অভিবাসীর সন্তান মতিন রোববার ভোরারাতে সমকামীদের ওই নৈশক্লাবটিতে ৪৯ জনকে গুলি করে হত্যা করেন।  

তবে তার সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) সরাসরি কোনো সম্পর্ক খুঁজে পায়নি যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।

পালস ক্লাবে হত্যাযজ্ঞ চালানোর পর ২৯ বছর বয়সী মতিন তিন ঘণ্টা ক্লাবটির ভিতরে অবস্থান নিয়ে ছিলেন। এ সময় অনেককে জিম্মি করেন তিনি। এ সময় তিনি পুলিশকে ফোন করে আইএসের নেতা আবু বকর বাগদাদির প্রতি নিজের আনুগত্যের কথা প্রকাশ করেন।

শেষ পর্যন্ত সাঁজোয়া যান নিয়ে পুলিশ পালস ক্লাবের দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে মতিনকে গুলি করে হত্যা করে।

এফবিআই-র পরিচালক জেমস কোমি জানিয়েছেন, মতিন কয়েকটি সশস্ত্র ইসলামি জঙ্গিগোষ্ঠী ও ব্যক্তির প্রতি সমর্থন জানানোর মতো মন্তব্য করেছেন। এতে ‘তার উদ্দেশ্য নিয়ে কিছুটা বিভ্রন্তি তৈরি হয়েছে’ বলে মন্তব্য করেন কোমি। 

মতিন ‘দেশের অভ্যন্তরে বেড়ে ওঠা (হোমগ্রোন) উগ্রবাদী হতে পারেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে কোমি বলেছেন, “এখনো পর্যন্ত আমরা এমন কোনো ইঙ্গিত দেখিনি যা ধারণা দেয় যে, যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এ হামলার পরিকল্পনা করা হয়েছিল। আর তিনি কোনো নেটওয়ার্কের অংশ ছিলেন এমন কোনো লক্ষণও শনাক্ত হয়নি।”

“আংশিকভাবে হলেও ইন্টারনেটের মাধ্যমে এ হত্যাকারী উগ্রবাদীতে পরিণত হয়েছিলেন বলে আমাদের বিশ্বাস।” বলেন কোমি।

ইরাক ও সিরিয়ার কিছু অংশ দখল করে রাখা আইএস সোমবার ফের হামলার দায় স্বীকার করলেও হত্যাকারীর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততার প্রমাণ দিতে পারেনি। 

রোববার পালস ক্লাবে তাণ্ডব চালানোর সময় মতিন কর্তৃপক্ষের কাছে ফোন করে যেসব কথা বলেছেন, তার মধ্যে বোস্টন ম্যারাথনে বোমা হামলা চালানো ভাইদের প্রতি এবং সিরিয়ায় নুসরা ফ্রন্টের পক্ষে আত্মঘাতী বোমা হামলায় অংশ নেওয়া ফ্লোরিডার এক ব্যক্তির প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছিলেন, জানান কোমি।

জঙ্গিগোষ্ঠী আল কায়েদার বিচ্ছিন্ন অংশ নুসরা ফ্রন্ট সিরিয়ার গৃহযুদ্ধে আইএসের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী হিসেবে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে।

‘বিদ্বেষমূলক ও পরস্পর বিরোধী’ বিবৃতি দেওয়ার কারণে ২০১৩ সালে মতিনের সহকর্মীরা তার বিরুদ্ধে এফবিআইয়ের কাছে অভিযোগ করেছিল।

এসব অভিযোগের মধ্যে ছিল, আল কায়েদার সঙ্গে তার পারিবারিকভাবে যোগাযোগ আছে এবং তিনি লেবাননের শিয়া বেসামরিক বাহিনী হিজবুল্লাহর সদস্য। কিন্তু বাস্তবে এ দুটি গোষ্ঠী পরস্পরের চরম শত্রু।

এফবিআইয়ের মায়ামি দপ্তর মতিনের বিষয়ে ১০ মাস তদন্ত করেছে এবং দুইবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু তিনি কোনো অপরাধ করেছেন বা তার সঙ্গে কোনো জঙ্গিগোষ্ঠীর সম্পর্ক আছে বলে প্রমাণ পায়নি।

হামলায় ‘সমকামীদের প্রতি অসহিষ্ণুতা কী ধরনের ভূমিকা রাখতে পারে’ এফবিআই তা উপলব্ধির চেষ্টা করছে বলে জানিয়েছেন কোমি।