সিরিয়ায় আইএস-র জোড়া বোমা হামলায় নিহত ২০
আইএস সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সিতে জঙ্গি সংগঠনটির দায় স্বীকারের খবর প্রকাশ করা হয়।
সানা নিউজ এজেন্সির খবরে বলা হয়, শনিবার দামেস্ক থেকে ১০ কিলোমিটার দক্ষিণে সাঈদা জয়নব শহরের প্রবেশ মুখে প্রথমে এক ব্যক্তি আত্মঘাতী বোমা হামলা চালায়।
সাঈদা জয়নব শহরেই সিরীয় শিয়াদের সবচেয়ে বড় উপাসনালয় অবস্থিত।
উপাসনালয়টির খুব কাছে আল-তীন সড়কে দ্বিতীয় বোমা হামলাটি চালানো হয়। এটি ছিল একটি গাড়ি বোমা।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে সাঈদা জয়নব মাজারের কাছে একটি প্রধান বানিজ্যিক রাস্তায় বিস্ফোরণের ধাক্কায় বিধ্বস্ত দোকানের ধ্বংসস্তুপ ও দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ছবি প্রচার করা হয়।
সেখানে নিহতের সংখ্যা আট জন বলে জানানো হয়।
কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটর্স নিহতের সংখ্যা অন্তত ২০ জন বলে জানায়, যাদের মধ্যে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক।
নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার রক্ষায় কাজ করা সংস্থাটি।
সংস্থাটি জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
সাঈদা জয়নব শহরে প্রায়ই বোমা হামলার ঘটনা ঘটে।
এ বছর শুরুর দিকে সেখানে দুইটি বোমা হামলায় দেড়শতাধিক মানুষের প্রাণ যায়। দুইটি হামলার দায়ই স্বীকার করেছিল ইসলামিক স্টেট।
