২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো ২০১৬ টুর্নামেন্ট নিয়ে অলন্দের হুঁশিয়ারি

ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্ট  নস্যাতের যেকোনও তৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 09:42 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

১০ জুন থেকে ফ্রান্সে শুরু হওয়া ইউরোপে ফুটবলের সবচেয়ে বড় এ আসর, চলবে ১০ জুলাই পর্যন্ত।

শুক্রবার বিকালে প্যারিস উপকণ্ঠে সেন্ট দেনিসের স্তাদে দে ফ্রান্সে রুমানিয়ার বিপক্ষে স্বাগতিকদের মাঠে নামার মধ্য দিয়ে টুর্নামেন্টের মূল পর্ব শুরু হবে।

খেলা সরাসরি উপভোগ করতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকরা ফ্রান্সে জড় হতে শুরু করেছে।

এক মাসের এই আনন্দ আয়োজনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০ লাখ দর্শক ফ্রান্সে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সন্ত্রাসী হামলার হুমকি ছাড়াও দেশটিতে শ্রম আইন পুনসংস্কার বিল নিয়ে অসন্তোষের জেরে চলমান শ্রমিক ধর্মঘট  টুর্নামেন্টের সফল আয়োজনের পথে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট অলন্দ বলেন, সবার উচিত কোনো ধরনের অযাচিত ঘটনা ছাড়াই প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া নিশ্চিত করা।”

“আমি সবার কাছে দায়িত্ববোধ নিয়ে কাজ করার আবেদন জানাচ্ছি। কারণ, যদি রাষ্ট্র তার সব দায়িত্ব পালন করে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে তবে তাদেরও সেটা করা উচিত।”

“একইভাবে, যারা প্রতিযোগিতাটির আয়োজন করেছে এবং যারা প্রতিযোগিতায় অংশ নেবে তারাও নিজ নিজ দায়িত্ব কাঁধে তুলে নেবে। তাহলেই কেবল এ প্রতিযোগিতা জনপ্রিয় উৎসবে পরিণত হবে।”

প্রতিযোগিতার নিরাপত্তা নিশ্চিত করতে ৯০ হাজারের বেশি পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে সরকার।

তবে শুক্রবার থেকে শুরু হওয়া ট্রেন চালকদের ধর্মঘট এবং শনিবার থেকে এয়ার ফ্রান্সের পাইলটদের ধর্মঘট ভক্তদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

যোগাযোগমন্ত্রী অ্যালাইঁ ভিদালিস স্থানীয় একটি রেডিওতে বলেন, “দর্শকরা যাতে উদ্বোধনী ম্যাচ দেখতে যেতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তাই করব।”

“এজন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন পড়লে আমরা সেটাই করব। এখানে আলোচনার আর কোনো সুযোগ নেই।”

ধর্মঘটরত ট্রেড ইউনিয়ন নেতাদের ফুটবল ভক্তদের আবেগের বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ করেছেন খেলাধূলা বিষয়ক মন্ত্রী থিয়েরি ব্রাইলার্দ।

তিনি বলেন, “আগামীতে ধর্মঘট চালিয়ে যাওয়ার মত সময় আরও পাওয়া যাবে। এখন আমরা এমন একটি আয়োজনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে কয়েক লাখ ফুটবল ভক্ত স্টেডিয়ামে খেলা দেখতে উন্মুখ হয়ে আছে। ভক্তদের চলাচলে বাধা দেয়া ঠিক হবে না।”

ফুটবল আয়োজনে দল সমর্থন করা নিয়ে ভক্তদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যাওয়া নতুন কিছু নয়। এখানেও তার ব্যতিক্রম হয়নি।

বৃহস্পতিবার মধ্যরাতে মার্সেইয়ে স্থানীয়দের সঙ্গে ইংল্যান্ড থেকে আগত ফুটবল ভক্তদের সংঘর্ষ শুরু হলে পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় স্থানীয় একজন এবং ইংল্যান্ডের এক নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার মার্সেইয়ে রাশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।