২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার হুমকি পেয়েছিলেন, জানালেন টিউলিপ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ইন্টারনেটে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে এ ধরনের বিষয় সামলাতে নারী সাংসদদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছেন।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 09:18 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

মুসলিম পরিবার থেকে আসা এই ব্রিটিশ এমপি সানডে টাইমসকে তিনি বলেছেন, “ভয়ঙ্কর সব হুমকি আমাকে দেওয়া হয়েছে। ‘তুমি হিজাব পড়া না কেন?’ থেকে শুরু করে ‘পারলে তোমাকে খুন করতাম’- এরকম কথাও শুনতে হয়েছে।”  

এমনকি প্রথমবার পার্লামেন্ট সদস্য হওয়ার পর গত এপ্রিলে প্রথম সন্তানের মা হওয়ার আগে যখন চারদিক থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন, তখনও টুইটারে বাজে মন্তব্যের শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন তরুণ এই রাজনীতিবিদ। 

“কয়েকজন নারী, অন্তত তাদের টুইটার প্রোফাইলে কেমনই মনে হয়, আমাকে বলেছে, ‘ভেবে দেখ- তুমি মা হতে চাও, না এমপি। একসাথে তুমি দুটো চালাতে পারো না’।” 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপকে অনলাইনে প্রথম এ ধরনের আক্রমণের মুখোমুখি হতে হয় ২০১৪ সালে, নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনের প্রচারের সময়। সে সময় তাকে কথা শুনতে হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার কারণে। 

টিউলিপ সানডে টাইমসকে বলেন, “আমাকে বলা হয়েছিল, ‘তোমার মত নামের কাউকে হ্যাম্পস্টেডের তরুণ ভোটাররা কখনোই ভোট দেবে না।”

এ ধরনের জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ থেকে বাঁচতে অনলাইনে নিজের নামের সঙ্গে স্বামী ক্রিস পার্সির পদবি ব্যবহার করার কথাও ভাবতে শুরু করেছিলেন বলে জানান লেবার পার্টির এই এমপি।  

এ ধরনের অনলাইন বিদ্বেষের বিরুদ্ধে লড়তে হাউস অব কমন্সে নিজেদের মধ্যে একটি ‘আনঅফিসিয়াল সাপোর্ট গ্রুপ’ তৈরি করার কথাও জানিয়েছেন এই এমপি। 

লেবার পার্টির রাজনীতিতে ‘উদীয়মান তারকা’ টিউলিপ গত সেপ্টেম্বরে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক শ্যাডো মিনিস্টার মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিবের (পিপিএস) স্থায়ী দায়িত্ব পান।

এছাড়া নারী ও সমতা বিষয়ক যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।