২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধূমপান ছাড়ার প্রচারের মধ্যে’ সিগারেট হাতে নেতার ছবি

উত্তর কোরিয়ায় ধূমপানবিরোধী প্রচারণার মধ্যে জ্বলন্ত সিগারেট হাতে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের একটি ছবি প্রকাশ হয়েছে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 07:49 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

এতে বলা হয়, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ সপ্তাহে কিমের একটি ছবি প্রকাশ করেছে, যাতে কমিউনিস্ট শাসিত দেশটির নেতার ডান হাতের দুই আঙুলের ফাঁকে থাকা সিগারেট থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

রাজধানী পিয়ংইয়ংয়ের ‘মাংইয়ংদাই চিল্ড্রেনস ক্যাম্পের পুনঃসজ্জা নিয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়ার সময়’ কিম জং উনের এ আলোকচিত্র নেওয়া হয়।

উত্তর কোরিয়ায় ধূমপানবিরোধী প্রচারণার কথা মে মাসে প্রথম জানিয়েছিল কেসিএনএ।

সেখানকার সরকার অনুমোদিত সিগারেট কোম্পানিগুলোকে প্যাকেটের গায়ে স্বাস্থ্য ঝুঁকির সতর্কতা রাখার বাধ্যবাধকতার কথা ফলাও করে প্রচার করা হয়।

পরে প্রাদেশিক রাজধানীগুলোতে নন-স্মোকিং গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করার খবর দেয় কেসিএনএ।

রাষ্ট্রীয় টেলিভিশনে ধূমপানবিরোধী প্রচারণা দেখে ধূমপান ছাড়তে শুরু করা অনেকের কথাও প্রকাশ করেছিল তারা।