যুক্তরাষ্ট্রে উষ্ণপ্রস্রবণে পড়ে এক ব্যক্তির মৃত্যু
যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের উষ্ণপ্রস্রবণে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নির্দেশনা না মেনে তিনি নির্দিষ্ট পথ থেকে দূরে গিয়ে উষ্ণপ্রস্রবণে পড়ে যান বলে পার্কের কর্মকর্তারা জানিয়েছে।
ওয়াইওমিং অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমে অবস্থিত পার্কটির নোরিস উষ্ণপ্রস্রবণ এলাকায় এ ঘটনা ঘটে বলে বুধবার জানিয়েছে বিবিসি।
২৩ বছর বয়সী কলিন ন্যাথানিয়েল স্কট উষ্ণপ্রস্রবণে পড়ে যান।
কর্তৃপক্ষ প্রস্রবণ থেকে স্কটের মৃতদেহ উদ্ধারের চেষ্টা শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারীরা লাশের কাছাকাছি পৌঁছতে পারেননি।
পার্কের ওই এলাকায় পাথরের পাতলা স্তরের নিচে প্রস্রবণের পানি ফুটছে, সেখানকার পানির তাপমাত্রা ৯৩ সেলসিয়াস বলে জানা গেছে।
পার্কের মুখপাত্র চ্যারিসা রিড বলেন, “পাথরগুলো অত্যন্ত ভঙ্গুর, এগুলো পাতলা বরফের মতো।”
ইয়েলোস্টোন পার্কে দর্শণার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় পার্কের প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হচ্ছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
পার্কটির কর্মকর্তারা জানিয়েছেন, স্কট ও তার বোন নির্ধারিত হাঁটাপথ থেকে ২০০ মিটার দূরে চলে গিয়েছিলেন। উষ্ণপ্রস্রবণ এলাকায় নির্দিষ্ট পথ ছেড়ে না যেতে অথবা বন্যপ্রাণীদের কাছাকাছি না যেতে দর্শণার্থীদের পরামর্শ দিয়েছেন তারা।
গেল শনিবার নির্দিষ্ট পথ থেকে সরে গিয়ে এক বাবা তার ১৩ বছর বয়সী ছেলেকে নিয়ে পার্কের অন্য একটি উষ্ণপ্রস্রবণে পিছলে পড়ে যান। এতে ছেলের শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়।
গেল মাসে ইয়েলোস্টোনে কানাডীয় এক পর্যটক একটি বাইসনের বাছুরকে নিজের গাড়ির বুটে ভরে রাখেন। বাছুরটির ঠাণ্ডা লাগছে ভেবে তিনি এটি করেছেন বলে জানিয়েছেন। এতে বাইসনের দল ওই বাছুরটিকে পরিত্যক্ত রেখে চলে যায়।
১৪০ বছর ধরে যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যানের মর্যাদা পেয়ে আসছে ইয়েলোস্টোন।
