২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্দানে ফিলিস্তিনি ক্যাম্পে ৩ গোয়েন্দা কর্মকর্তাসহ নিহত ৫    

জর্দানের রাজধানী আম্মানের কাছে এক ফিলিস্তিনি শরণার্থী শিবিরে নিজেদের দপ্তরে হামলার শিকার হয়ে জর্দানি তিন গোয়েন্দা কর্মকর্তা, এক নিরাপত্তা রক্ষী ও এক বেসামরিক কর্মী নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jun 2016, 03:34 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

সোমবারের এ ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জর্দানি কর্মকর্তারা।

ঘটনাটিকে ‘একক ব্যক্তির ঘটানো’ একটি ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে মনে করছেন তারা।

জর্দানের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবির বাক্কা ক্যাম্পের খুনের এ ঘটনায় পুরো জর্দান স্তম্ভিত হয়ে গেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। প্রতিবেশী ইরাক ও সিরিয়ার তুলনায় জর্দান অনেক স্থিতিশীল দেশ। 

জর্দান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল মোমানি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বাক্কা ক্যাম্পের গোয়েন্দা বিভাগের দপ্তরে চালানো হামলাটিকে ‘একক ব্যক্তির ঘটানো বিচ্ছিন্ন ঘটনা’ বলেই ধারণা পাওয়া যাচ্ছে।

এর আগে এ ঘটনার ঘোষণা দেওয়ার সময় মোমানি এটিকে সকাল ৭টায় সংঘটিত একটি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তিন গোয়েন্দা কর্মকর্তারা পাশাপাশি দপ্তরটির এক নিরাপত্তা রক্ষী ও টেলিফোন এক্সচেঞ্জের এক কর্মী নিহত হয়েছেন।

বাক্কার দুই বাসিন্দা জানিয়েছেন, সন্দেহভাজন ক্যাম্পের ২২ বছর বয়সী এক ফিলিস্তিনি এবং জিহাদপন্থিদের দিকে তার কোনো ঝোঁক নেই।

গ্রেপ্তার এড়াতে তাকে এলাকার একটি পরিত্যক্ত মসজিদে আশ্রয় নিতে দেখা গেছে। গ্রেপ্তারের চেষ্টার সময় সে একটি পিস্তল দিয়ে একজনকে গুলি করে, তাতে ওই ব্যক্তি সামান্য আহত হন। এই পিস্তলের গুলিতেই সে গোয়েন্দা দপ্তরে পাঁচজনকে খুন করেছে বলে ধারণা করা হচ্ছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় বাক্কা ক্যাম্পের শরণার্থীদের মধ্যে নিরাপত্তা বাহিনীর রোষে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জর্দানের ৭০ লাখ নাগরিকের মধ্যে একটি বড় অংশ ফিলিস্তিনি শরণার্থীদের বংশধর। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রটি সৃষ্টির পর ওই শরণার্থীরা জর্দানে আশ্রয় নিয়েছিলেন।