বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় চীনের রেকর্ড
ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় শক্তিশালী অবস্থানে উঠে এসেছে চীনের নারীরা।
২০১৬ সালের ক্ষমতাধর নারীদের তালিকায় ৯ জন নারী নিয়ে রেকর্ড গড়েছে চীন। যদিও তালিকায় টানা ষষ্ঠবারের মত শীর্ষ স্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন ও দেশটির ফেডারেল রিজার্ভারের প্রধান জ্যানেট ইয়েলেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন।
তালিকায় ৫১ জন নারী নিয়ে যুক্তরাষ্ট্র অধিপত্য বজায় রাখলেও এর পরের অর্থাৎ, দ্বিতীয় অবস্থানটিই দখল করেছে চীন।
চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা-র জ্যেষ্ঠ নির্বাহী লুচি পেং এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যাং চীনা নারীদের মধ্যে তালিকায় সবচেয়ে উপরে আছেন।
হংকংয়ের ফিনান্সিয়াল সার্ভিস ফার্ম কিংসটন সিকিউরিটিজের প্রধান নির্বাহী পলিয়ান্না চু এবং চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ানও তালিকায় স্থান পেয়েছেন।
মোট ২৯ টি দেশের নারীরা তালিকায় স্থান পেয়েছেন। রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি ও জনকল্যানমূলক কাজে অবদানের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।
ফোর্বসের পক্ষ থেকে বলা হয়, তালিকার এই একশ’ নারী এক ট্রিলিয়ন মার্কিন ডলার রাজস্ব নিয়ন্ত্রণ করে এবং বিশ্বের প্রায় ৩৬০ কোটির বেশি মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে।
তালিকায় স্থান পাওয়া ৩২ জন নারী কোনও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, ১২ জন বিশ্বনেতা এবং ১১ জন বিলিয়নিয়ার, যাদের নয়জন শূন্য থেকে শুরু করে আজকের অবস্থানে পৌঁছেছেন।
তাদের গড় বয়স ৫৭ বছর। বয়সে সবচেয়ে তরুণ ইয়াহু-র প্রধান নির্বাহী মারিসা মায়ের (৪১)। সবচেয়ে বেশি বয়স ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের (৯০)।
গত বছর স্থান পেলেও এ বছর তালিকায় স্থান না পাওয়া সবচেয়ে বড় নাম দিলমা রৌসেফ। ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্ট মে মাসে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন।
