নাইজারে বোকো হারামের হামলায় নিহত ৩২
নাইজারে বোকো হারাম জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নাইজারের ৩০ সেনা ও নাইজেরিয়ার ২ সেনা নিহত হয়েছেন।
শুক্রবার নাইজেরীয় সীমান্তের কাছে নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বোসো টাউনে এ ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়, খবর বার্তা সংস্থা রয়টার্স, বিবিসির।
একটি সেনা চৌকি লক্ষ্য করে চালানো এ হামলায় ‘কয়েকশত হামলাকারী’ অংশ নেয় বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। এতে নাইজারের সাতজন ও নাইজেরিয়ার আরো আটজন সেনা আহত হন।
২০১৫ সালের এপ্রিলে নাইজারের চাদ হ্রদের কারামগায়ে বোকো হারামের হামলায় ৭৪ জন নিহত হন। তারপর থেকে এটিই দেশটিতে জঙ্গিগোষ্ঠীটির চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে বোসোর একটি সামরিক চৌকি দখল করার লক্ষ্যে হামলা চালায় জঙ্গিরা।
শনিবার সকালে এক পাল্টা হামলায় বোসোর সব অবস্থান পুনরুদ্ধার করে সরকারি বাহিনীগুলো। সরকারি বাহিনীর পাল্টা আক্রমণে জঙ্গিগোষ্ঠীটির ‘বেশ কিছু জঙ্গি’ নিহত হয়েছেন ও বোসোর পরিস্থিতি এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রেণে আছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
তবে বোকো হারাম নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
পরে এক বিবৃতিতে জঙ্গিগোষ্ঠটি দাবি করেছে, তাদের হামলায় নাইজার ও নাইজেরীয় সেনাবাহিনীর ৩৫ সেনা নিহত ও প্রায় ৭০ জন আহত হয়েছেন। হামলায় বোকো হারাম ‘বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাগুলি’ জব্দ করা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
বোকো হারাম নাইজেরিয়া-ভিত্তিক হলেও প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সেনাবাহিনীর মিলিত হয়ে জঙ্গিগোষ্ঠীটি মোকাবিলা করছে। এই জোট বাহিনীর মধ্যে নাইজেরিয়া, ক্যামেরুন ও চাদের পাশাপাশি নাইজরের সেনারাও রয়েছেন।
বোসো দিফা অঞ্চলের একটি অংশ। বিভিন্ন এলাকায় বোকো হারামের সহিংসতায় উদ্বাস্তু অনেক মানুষ এলাকাটিতে আশ্রয় নিয়ে আছে। এর আগেও এলাকাটিতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে বোকো হারাম।
