সংসদে সংবিধান পরিবর্তিত না হলে গণভোট: তুর্কি প্রধানমন্ত্রী
তুরস্কের প্রধানমন্ত্রী বাইনালি ইলদিরিম বলেছেন, তার ক্ষমতাসীন একে পার্টি দেশটিতে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে সংসদের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে চায়। কিন্তু সংসদে তা পাস না হলে গণভোটের আয়োজন করা হবে।
সম্প্রতি তুর্কি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া ইলদিরিম বৃহস্পতিবার এই কথা বলেছেন।
একে পার্টির কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে ইলদিরিম আরো বলেন, একে পার্টির সবচে বড় দায়িত্ব ছিল নয়া সংবিধান সৃষ্টি করা।
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের আদলে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বাড়াতে চাইছেন এরদোয়ান।
প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা নিয়ে এরদোয়ানের সঙ্গে মতভেদের কারণে সাবেক প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগোলুপদত্যাগ করতে বাধ্য হন।
বিষয়টি নিয়ে বেশ কয়েক মাস ধরে তাদের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক চলে। অবশেষে দাভুতোগোলুর পদত্যাগের মধ্যদিয়ে দুই শীর্ষ ক্ষমতাধরের মাঝে একজনকে সরে যেতে হয়।
দাভুতোগোলুকে একজন নমনীয় প্রধানমন্ত্রী বলে ধারণা করা হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ানের বিতর্কিত বেশকিছু নীতির ব্যাপারে দাভুতোগোলুর দ্বিমত ছিল।
সম্প্রতি প্রেসিডেন্টের ক্ষমতা আরো বাড়াতে সংবিধান পরিবর্তনের ব্যাপারে তিনি অসম্মতি জানিয়েছিলেন।
