২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ক্রেডিট জালিয়াতি: আটক ২

জাপানে ক্রেডিট জালিয়াতি করে  ১৪০ কোটি ইয়েন লোপাটের ঘটনায় দুই জাপানিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এদেরকে আটক করা হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 06:08 PM

Updated : 12 Apr 2022, 02:10 AM

আটককৃতরা হলেন তাসু নাকাজুনু (২৮) ও কাসুয়া সাহাশি (২৯)। মঙ্গলবার বিকালে তাদেরকে এইচি প্রদেশ থেকে গ্রেপ্তার করে টোকিওতে পুলিশের গোয়েন্দা বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

গত ১৫ মে দুই ঘন্টার কিছু সময় ধরে দেশটির ১৬টি রাজ্যে ছড়িয়ে থাকা সেভেন-ইলেভেন কনভেনিয়ন্ট স্টোরের ১৪শ’ এটিএম বুথে ১৪০ কোটি জাপানি মুদ্রা (ইয়েন) খোয়া যায়।

জাপানের অভ্যন্তরীন ব্যাংক লেনদেন নিয়মানুযায়ী, প্রতিবার একজন ব্যক্তি সর্বোচ্চ এক লাখ ইয়েন লেনদেন করতে পারে।  আর সেই অনুযায়ী, অন্তত ১০০ জন চোর ১৪ হাজার বার লেনদেন করে।

টোকিও পুলিশ বলছে, আটকৃত দুইজন ভুয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে ১ দশমিক ২ মিলিয়ন ইয়েন ১২ বার অটোমেটিক ট্রেলার মেশিন (এটিএম) ব্যবহার করে লোপাট করে। এই চক্রই সম্প্রতি চুরি হওয়াঅর্থ লোপাটে জড়িত।

গত ১৫ মে চুরি হওয়া অর্থের একটি বিপুল অংশ ছিল আফ্রিকার স্টান্ডার্ড ব্যাংকের। ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, ক্রেডিট কার্ড জালিয়াত চক্রটি তাদের ১৯ মিলিয়ন ডলার সরিয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, আমরা সর্বত্র অভিযান অব্যহত রেখেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশীয়দের সহায়তায় এ চুরির ঘটনায় আন্তর্জাতিক একটি চক্র জড়িত।

এর আগে ২০১২ ও ২০১৩ সালে ক্রেডিট কার্ড জালিয়াতি করে জাপানসহ ২০টি দেশের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে সাড়ে চার বিলিয়ন ইয়েন তুলে নিয়েছিল জালিয়াত চক্র।

ওদিকে ,ব্যাংক সিকিউরিটি নড়চড়ে যাওয়া জাপান সরকার গত সপ্তাহে এটিএম কার্ডের পরিবর্তে ‘বিশেষ চিপ’ ব্যবহারের জন্য নীতিমালা নির্ধারণ করেছে। ঘোষিত এই নীতিমালা অনুযায়ী, দেশটির প্রতিটিব্যাংক আগামী ২০২০ সালের মধ্যে তাদের গ্রাহকের কাছে এই চিপ পৌঁছে দেবে। এটি শতভাগ ব্যাংক লেনদেন সুরক্ষা দেবে বলেও জানানো হচ্ছে।