২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে এটিএমে ২ ঘণ্টায় চুরি দেড় বিলিয়ন ইয়েন

অন্তত একশ জন চোর, ঢোকে ১৪০০টি এটিএম মেশিনে, প্রতিবারে তোলে এক লাখ ইয়েন, এভাবে ১৪ হাজারটি ট্রানজিকশনের মাধ্যমে লোপাট করে ১ দশমিক ৪ বিলিয়ন ইয়েন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 01:46 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

জাপানে জাল ক্রেডিট কার্ড ব্যবহার করে মাত্র দুই ঘণ্টায় চোরের দল বিপুল এই অর্থ লোপাটের কাজটি সারে বলে রোববার জাপান টাইমসের এক খবরে বলা হয়েছে, যার তদন্তে নেমেছে দেশটির পুলিশ।

টোকিও এবং আরও ১৬টি প্রদেশে ছড়িয়ে থাকা প্রায় ১৪শ’ এটিএম বুথে গত ১৫ মে একযোগে এই চোর চক্র হানা দেয় বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে।  

প্রতিবেদনে তদন্ত কর্মকর্তাদের উদ্ধৃত করা বলা হয়, দক্ষিণ আফ্রিকার একটি ব্যাংক থেকে ‘ফাঁস’ হয়ে যাওয়া ১৬শ’ একাউন্টের তথ্য নিয়ে জালিয়াত চক্র নকল ক্রেডিট কার্ড ব্যবহার করে এই অর্থ হাতিয়ে নেয়।

কীভাবে একাউন্টের তথ্য ফাঁস হয়েছে তা বের করতে জাপান পুলিশ, ইন্টারপোল ও দক্ষিণ আফ্রিকার ওই ব্যাংকটির কর্মকর্তারা কাজ শুরু করেছেন তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।  

পুলিশ কর্মকর্তারা বলছেন, এই ‘মহাচুরিতে’ অন্তত ১০০ জন জড়িত ছিলেন এবং তারা মাত্র দুই ঘণ্টার মধ্যে কাজটি সেরে ফেলে। তারা লেনদেন করেছে ১৪ হাজার বার, যার মধ্যে সর্বোচ্চ উত্তোলন ছিল এক লাখ ইয়েন।

পুলিশ এখন বুথগুলোর সিকিউরিটি ক্যামেরা পরীক্ষা করে, কারা কারা টাকাগুলো উঠিয়েছে তাদের চিহ্নিত করার কাজ করছে বলে জাপান টাইমস জানিয়েছে।

এর আগে ২০১২ ও ২০১৩ সালে ক্রেডিট কার্ড জালিয়াতি করে জাপানসহ ২০টি দেশের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে সাড়ে চার বিলিয়ন ইয়েন তুলে নিয়েছিল জালিয়াত চক্র।

ওই ঘটনার জন্য মালয়েশিয়ার একটি অপরাধচক্রকে দায়ী করে জাপান পুলিশ তাদের ধরতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে।