২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন হামলায় আফগান তালেবান নেতার মৃত্যুর খবর

আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 10:47 AM

Updated : 12 Apr 2022, 02:06 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন নিয়ে শনিবার হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

অভিযানটিতে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়। একটি গাড়িতে থাকা মনসুর ও তার এক পুরুষ সঙ্গীকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) মুখপাত্র পিটার কুক আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় মনসুরকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন। তবে মনসুরের ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে কোনো অনুমান প্রকাশ করেননি।

তিনি বলেন, “আমরা এখনও হামলার ফলাফল পর্যালোচনা করছি, (খবর) পাওয়া গেলেই এ বিষয়ে আরো তথ্য জানানো হবে।”

কিন্তু নাম প্রকাশ না করার শর্তে দেশটির কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মনসুর সম্ভবত নিহত হয়েছেন।

তবে মনসুরের ঘনিষ্ঠ এক তালেবান কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের কাছে মনসুরের মৃত্যুর খবর অস্বীকার করেছেন।

ওই কমান্ডার বলেন, “আমরা এই ধরনের ভিত্তিহীন প্রতিবেদনের বিষয়ে শুনেছি, তবে এটিই প্রথম না। আপনার সঙ্গে আমার নিজের জানা তথ্য শেয়ার করার জন্য বলছি, মোল্লা মনসুর নিহত হননি।”

ডিসেম্বরেও মনসুরের নিহত হওয়ার আরেকটি খবর প্রকাশিত হয়েছিল। ওই খবরে বলা হয়েছিল, পাকিস্তানের কোয়েটায় আরেক তালেবান নেতার বাড়িতে গোলাগুলিতে মনসুর আহত হয়েছেন বলে জানা গেছে এবং সম্ভবত নিহত হয়েছেন।

মনসুরের মৃত্যু নিশ্চিত হলে তা তালেবানদের মধ্যে আরো ভাঙন ধরাতে পারে। পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে চলা শান্তি আলোচনার প্রচেষ্টা, যা দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে, আরো হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। 

২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত হয় আফগান তালেবান। তারপর থেকে চলতি সময়েই তালেবান আফগানিস্তানে সবচেয়ে বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করছে।

শীর্ষ নেতা মোল্লা ওমরের মৃত্যুর কথা গত বছর স্বীকার করে তালেবান। ওই সময় গোষ্ঠীটি জানায়, দুই বছর আগে তাদের নেতার মৃত্যু হয়েছে। 

ওমরের মৃত্যুর কথা স্বীকারের পর মনসুর তালেবানের নেতৃত্ব পেলেও বেশ কয়েকটি উপদল তার নেতৃত্ব মেনে নেয়নি।