আইএসের হামলার আশঙ্কায় তুরস্কে সতর্কতা
১৯ মে সরকারি ছুটির দিন ইসলামিক স্টেটের (আইএস) সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে তুরস্ক সরকার।
ওই দিন তুরস্কের জাতির জনক মুস্তাফা কামাল আতাতুর্কের জন্মদিন, যা যুব ও ক্রীড়া দিবস হিসেবে উদযাপন করা হয়।
গত কয়েক মাসে আইএস ও কুর্দি বাহিনী তুরস্কে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে। হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।
পুলিশের পক্ষ থেকে দেশজুড়ে জারি করা সতর্ক বার্তায় বলা হয়, “ইসলামিক স্টেট তুরস্কের সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নাস্তিক বলে মনে করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ও তাদের হত্যাকে জিহাদ বলে গণ্য করে।”
সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন অবকাঠামো, সরকারি ভবন এবং আতাতুর্কের দরগা ওই হামলার লক্ষ্য বস্তু হতে পারে বলেও ওই বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
তবে হামলার আশঙ্কা থাকলেও বৃহস্পতিবার আতাতুর্ক দরগা খোলা থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
আতাতুর্কের জন্মদিনে হাজার হাজার মানুষ তার দরগা ভ্রমণ করে এবং প্রার্থনা করে।
