চীনে সাংস্কৃতিক বিপ্লবের ৫০তম বার্ষিকী নীরবে পার
এক দশকের বেশি সময় ধরে চীনা রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় ব্যাপক আলোড়ন ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী ঐতিহাসিক ‘সাংস্কৃতিক বিপ্লব’ শুরুর ৫০তম বার্ষিকী নীরবে পার করলো দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো।
বিবিসি বলছে, চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং ১৯৬৬ সালের ১৬ মে সাংস্কৃতিক বিপ্লবের ডাক দেন।
এই বিপ্লবে মাওয়ের চিন্তাধারার বিরোধীদের ক্ষমতা খর্ব করার পাশাপাশি চীনা তরুণদের সমাজকে ‘বিশুদ্ধ’ করার দায়িত্ব দেওয়া হয়।
এতে ১৯৭৬ সালে মাওয়ের মৃত্যুর আগ পর্যন্ত চীনে অস্থিরতা, রক্তপাত ও শ্রেণীগত লড়াই চলতে থাকে। এই অধ্যায় শেষ হওয়ার পর এর ধারাবাহিক উত্তরাধিকারকে সামলানো নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে চীন।
সোমবার চীনা ইতিহাসের বিশেষ এই পর্বটির ৫০তম বার্ষিকীতে চীনের প্রধান রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে ঐতিহাসিক ওই পর্বটির কোনো উল্লেখ ছিল না।
এসব গণমাধ্যমগুলোতে শুধু দক্ষিণ চীন সাগর সম্পর্কিত চলমান ঘ্টনা এবং অন্যান্য অভ্যন্তরীণ ইস্যু নিয়ে সংবাদ ও সম্পাদকীয় প্রকাশ করে।
সাংস্কৃতিক বিপ্লবের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনা কর্তৃপক্ষ দাপ্তরিক কোনো পরিকল্পনাও গ্রহণ করেনি।
চীনা মাইক্রোব্লগ সাইট ওয়েইবোতে ‘মিডিয়া লাও ওয়াং’ নামের এক ব্লগার সোমবার প্রকাশিত চীনের পাঁচটি প্রধান সংবাদপত্রের প্রথম পাতার ছবি পোস্ট করেছেন। এর কোনোটিতেই সাংস্কৃতিক বিপ্লব নিয়ে কোনো কথা নেই।
শুধু হংকংয়ের গণমাধ্যগুলোতে সাংস্কৃতিক বিপ্লবের ৫০তম বার্ষিকী উপলক্ষে খবর ছাপা হয়েছে। চীনের এই স্বায়ত্তশাসিত অংশটি মূল ভূখণ্ড থেকে অনেক বেশি স্বাধীনতা ভোগ করে থাকে।
চীনের সাম্প্রতিক ইতিহাসের এ পর্বটিকে অনেকেই ‘সবচেয়ে বিশৃঙ্খলাপূর্ণ সময়’ বলে বিবেচনা করেন।
তবে পর্যবেক্ষকরা জানিয়েছেন, চীনে এখনও এমন অনেকে আছেন যারা ওই সময়টির বামপন্থি আদর্শকে ‘মহৎ’ বলে বিবেচনা করেন।
